Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • মার্চ ২, ২০২৬

নির্ধারিত সময়েই বাংলায় ভোট, তার আগে টানা জরুরি বৈঠকে নির্বাচন কমিশন। ঘোষণা কবে, জল্পনা তুঙ্গে

আরম্ভ ওয়েব ডেস্ক
নির্ধারিত সময়েই বাংলায় ভোট, তার আগে টানা জরুরি বৈঠকে নির্বাচন কমিশন। ঘোষণা কবে, জল্পনা তুঙ্গে

বাংলায় নির্ধারিত সময়েই ভোট হবে—এ কথা আগেই স্পষ্ট করে জানিয়েছে নির্বাচন কমিশন। তবে ঠিক কবে ভোট ঘোষণা করা হবে, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতির মধ্যেই নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে জরুরি বৈঠক ডাকল নির্বাচন কমিশন। আজ সোমবার ও মঙ্গলবার দফায় দফায় এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, সোমবার সকাল ১১টা থেকে বৈঠক শুরু হয়েছে। প্রথম দফায় কমিশন বৈঠক করবে কমিশনার, আইজি, ডিআইজি, জেলাশাসক (ডিইও) এবং জেলার পুলিশ সুপারদের সঙ্গে। দ্বিতীয় দফায় ফের আইজি, ডিআইজি এবং পুলিশ সুপারদের সঙ্গে বসবে কমিশন। মূলত নিরাপত্তা সংক্রান্ত প্রস্তুতি নিয়েই এই আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই রাজ্যে পৌঁছে গিয়েছে ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং শুরু হয়েছে রুট মার্চ। সেই প্রস্তুতিও খতিয়ে দেখা হবে বৈঠকে।

মঙ্গলবারও দু’দফায় বৈঠক হবে। সেখানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও), আয়কর দফতর, নারকোটিক্স ব্যুরো, আরবিআই, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-সহ বিভিন্ন কেন্দ্রীয় সংস্থার শীর্ষ আধিকারিকরা। রাজ্য পুলিশের নোডাল অফিসাররাও থাকবেন এই বৈঠকে। নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে চূড়ান্ত রূপরেখা তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে।

এর আগে নির্ধারিত সূচি অনুযায়ী, রবিবার নির্বাচন কমিশনের ডেপুটি ইলেকশন কমিশনার-সহ প্রায় আটজন আধিকারিকের পশ্চিমবঙ্গে আসার কথা ছিল। রবিবার ও সোমবার জেলা নির্বাচনী আধিকারিক এবং পুলিশ সুপারদের সঙ্গে তাঁদের বৈঠক করার পরিকল্পনাও ছিল। তবে নবান্নের অনুরোধে সেই সফর আপাতত স্থগিত রাখা হয়েছে।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছিলেন, রবিবার ইডেনে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট ম্যাচ। পাশাপাশি সিবিএসই ও আইসিএসই পরীক্ষা চলছে এবং ৩ মার্চ দোলযাত্রা রয়েছে। এই পরিস্থিতিতে প্রশাসনিক অসুবিধার কথা বিবেচনা করে রাজ্যের অনুরোধে কমিশনের প্রতিনিধিদল তাদের সফর স্থগিত রাখে।

সফর স্থগিত হওয়ায় প্রশ্ন উঠতে শুরু করে—তাহলে কি নির্ধারিত সময়ে ভোট ঘোষণা ও সম্পন্ন করা সম্ভব হবে? যদিও সেই জল্পনায় ইতি টেনে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে, বাংলায় ভোট নির্ধারিত সময়েই হবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!