- এই মুহূর্তে দে । শ
- ডিসেম্বর ১, ২০২৫
ভুল এন্ট্রি সংশোধনের সুযোগ পাবেন বিএলও, ইআরও। ঘোষণা নির্বাচন কমিশনের
এনুমারেশন ফর্মে ভুল এন্ট্রি সংশোধনের সুযোগ দেবে নির্বাচন কমিশন। বুথ স্তরের আধিকারিক (BLO) এবং ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারদের (ERO) জন্য এই বিশেষ সুবিধা চালু করা হয়েছে। কমিশন জানিয়েছে, ভোটারদের তথ্য ডিজিটাইজ করার সময় যেসব ভুল এন্ট্রি হয়েছে বলে অভিযোগ উঠছিল, এবার সেই ত্রুটি সংশোধনের সুযোগ মিলছে। সোমবারই এই মর্মে একটি সরকারি বিজ্ঞপ্তি জারি করেছে কমিশন।
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার জন্য যে অতিরিক্ত সময় দেওয়া হয়েছে, সেই সময়ের মধ্যেই সব ভুল সংশোধন করতে হবে। সম্প্রতি নানা জায়গা থেকে ভুল তথ্য আপলোড বা ভুল এন্ট্রি নিয়ে বিস্তর অভিযোগ উঠছিল। এমনকি অনেক BLO দাবি করেছিলেন, বিভিন্ন পক্ষের চাপের কারণে তাঁদের ভুল এন্ট্রি করতে বাধ্য হতে হয়েছে। এই পরিস্থিতিতেই সংশোধনের সুযোগ দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে চাইছে কমিশন।
কমিশন সূত্রে খবর, পশ্চিমবঙ্গে এস আই আর-এর কাজ ইতিমধ্যেই অনেকটা এগিয়েছে, কিন্তু অতিরিক্ত সময় বরাদ্দ থাকায় এখন BLO-রা যেকোনও ভুল এন্ট্রি সংশোধন করতে পারবেন। কমিশনের এক আধিকারিক জানান, শুনানির সময় সব তথ্যই যাচাই হয় ঠিকই, তবে এবার নির্দেশ দেওয়া হয়েছে—ভুল আগে থেকেই ঠিক করে ফেলতে হবে।
এছাড়া, এনুমারেশন ফর্ম ডিজিটাইজেশনের সময় ভোটারদের তথ্য আপলোডে ভুল হলে তা-ও সংশোধনের সুযোগ থাকবে। আগে BLO অ্যাপে তথ্য বা ছবি একবার আপলোড করলে তা আর বদলানো যেত না। এখন ‘এডিট’ অপশন যোগ হওয়ায় সংশোধন করা সম্ভব হবে।
রবিবারই কমিশন SIR-এর একাধিক প্রক্রিয়া সাত দিন করে পিছিয়েছে। আগে ৪ ডিসেম্বরের মধ্যে এনুমারেশন ফর্ম আপলোড সম্পন্ন করার নির্দেশ ছিল, খসড়া তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল ৯ ডিসেম্বর। এখন ফর্ম আপলোডের সময়সীমা বাড়িয়ে ১১ ডিসেম্বর করা হয়েছে। ১২ থেকে ১৫ ডিসেম্বর চলবে খসড়া তালিকা প্রস্তুতির কাজ, এবং ১৬ ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া তালিকা।
১৫ জানুয়ারি পর্যন্ত ভোটার তালিকা সংক্রান্ত অভিযোগ, আপত্তি জানানো যাবে। সব দাবি-আপত্তি খতিয়ে দেখা, শুনানিতে ডাকা এবং সমস্যার সমাধানের কাজ ERO-রা করবেন ১৬ ডিসেম্বর থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। ১০ ফেব্রুয়ারির মধ্যে কমিশনের অনুমতি নিয়ে তালিকা চূড়ান্ত করতে হবে। এবং ১৪ ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা।
❤ Support Us







