- এই মুহূর্তে
- জানুয়ারি ১৬, ২০২৬
সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে যোগ অ্যান্তোনি, ভন এর । চূড়ান্ত হতে পারে ভারত-ইউরোপীয় ইউনিয়নের মুক্ত বাণিজ্য চুক্তি
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি কার্যত অনিশ্চিত হয়ে পড়ায় এবং বাড়তি শুল্কের চাপে ভারতীয় বাণিজ্যে বড়সড় ধাক্কা লাগলেও, সেই ক্ষতি সামাল দিতে নতুন আশার দিশা দেখাচ্ছে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তি (India–EU Trade Deal)। সূত্রের খবর, সাধারণতন্ত্র দিবসের পরপরই এই চুক্তি চূড়ান্ত ঘোষণার পথে এগোতে পারে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে আগামী ২৫ থেকে ২৭ জানুয়ারি ভারত সফরে আসছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্তোনিও কোস্টা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন। তাঁরা দু’জনেই সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এরপর ২৭ জানুয়ারি ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর হতে পারে বলে আশাবাদী ওয়াকিবহাল মহল।
কেন্দ্রীয় সরকার সূত্রে জানা গিয়েছে, এই চুক্তি নিয়ে আলোচনা অনেকটাই এগিয়েছে। মোট ২৪টি অধ্যায়ের মধ্যে ইতিমধ্যেই ২০টি অধ্যায় নিয়ে দু’পক্ষের মধ্যে সহমত তৈরি হয়েছে। বাকি বিষয়গুলি নিয়ে আগামী কয়েকদিন ধরে টানা আলোচনা চলবে। সম্প্রতি বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তরে গিয়ে বৈঠকও করে এসেছেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল। যদিও এখনও সব শর্ত চূড়ান্ত না হওয়ায় সরকারিভাবে ঘোষণা করা সম্ভব হয়নি।
সূত্রের দাবি, আগামী ২৭ জানুয়ারির মধ্যেই এই বাণিজ্য চুক্তি নিয়ে পাকাপাকি সিদ্ধান্তে পৌঁছনো সম্ভব। জানা যাচ্ছে, এই চুক্তির আওতায় কৃষিক্ষেত্রকে অন্তর্ভুক্ত করা হচ্ছে না। তবে উৎপাদন শিল্প, প্রযুক্তি, শক্তিসম্পদ এবং ওষুধ শিল্পের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলি চুক্তির অন্তর্ভুক্ত হতে পারে।
উল্লেখ্য, আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি না হওয়া এবং তার জেরে বিপুল শুল্ক আরোপের ফলে ভারতীয় বাজারে বড়সড় আর্থিক চাপ তৈরি হয়েছে। সেই ক্ষতি সামাল দিতে বিকল্প বাজারের সন্ধানে রয়েছে ভারত। কেন্দ্রের ধারণা, ইউরোপীয় দেশগুলির সঙ্গে বাণিজ্য বাড়ালে এই লোকসানের বড় অংশই পুষিয়ে নেওয়া সম্ভব হবে।
প্রসঙ্গত, ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরু হয়েছিল ২০০৭ সালে। দীর্ঘ প্রায় দেড় দশকের সেই আলোচনা এবার বাস্তব রূপ নিতে চলেছে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।
❤ Support Us







