Advertisement
  • বি। দে । শ
  • জুন ২২, ২০২৬

সুইৎজারল্যান্ডে ভান্স-আরাঘচি বৈঠক । ৬০ দিনের রূপরেখায় একমত আমেরিকা-ইরান; উঠে এল পাঁচ গুরুত্বপূর্ণ অগ্রগতি

আরম্ভ ওয়েব ডেস্ক
সুইৎজারল্যান্ডে ভান্স-আরাঘচি বৈঠক । ৬০ দিনের রূপরেখায় একমত আমেরিকা-ইরান; উঠে এল পাঁচ গুরুত্বপূর্ণ অগ্রগতি

সুইৎজারল্যান্ডে অনুষ্ঠিত আমেরিকা ও ইরানের প্রথম দফার উচ্চপর্যায়ের আলোচনা শেষ হয়েছে । বৈঠকের মধ্যস্থতাকারী পাকিস্তান ও কাতার সোমবার যৌথ বিবৃতিতে জানিয়েছে, দীর্ঘদিনের উত্তেজনা কমিয়ে একটি চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে উভয়পক্ষ গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে একমত হয়েছে । কাতারের বিদেশ মন্ত্রক এই যৌথ বিবৃতি প্রকাশ করেছে ।
শান্তি-আলোচনায় শুরু থেকেই মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে কাতার ও পাকিস্তান । পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ এবং ফিল্ড মার্শাল আসিম মুনিরও এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে দাবি করা হয়েছে । বিবৃতিতে বলা হয়েছে, আগামী ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর জন্য আমেরিকা ও ইরান একটি নির্দিষ্ট কর্মপদ্ধতি বা রোডম্যাপে সম্মত হয়েছে । সেই অনুযায়ী আগামী সপ্তাহজুড়ে আলোচনা চলবে ।

বৈঠক শেষে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচিও সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন । তাঁর দাবি, আলোচনার প্রথম পর্ব থেকে ইরান একাধিক কূটনৈতিক ও অর্থনৈতিক সুবিধা অর্জন করেছে । যদিও বৈঠক সম্পর্কে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেনি মার্কিন প্রশাসন । সুইৎজারল্যান্ডে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ।

১. উচ্চপর্যায়ের কমিটি গঠনে সম্মতি
যৌথ বিবৃতি অনুযায়ী, ৬০ দিনের মধ্যে চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের পর্যবেক্ষণ কমিটি গঠন করা হবে । এই কমিটি পুরো আলোচনা প্রক্রিয়া তদারকি করবে এবং প্রযুক্তিগত আলোচনাগুলিকে রাজনৈতিক নির্দেশনা দেবে । সুইস রিসর্টে কারিগরি ও নীতিগত আলোচনা সারা সপ্তাহ ধরে চলবে ।

২. লেবাননে সংঘাত কমাতে ‘ডিএস্কেলেশন সেল’
লেবাননকে ঘিরে ক্রমবর্ধমান উত্তেজনা প্রশমনের লক্ষ্যে উভয় পক্ষ একটি নির্দিষ্ট পরিকল্পনায় সম্মত হয়েছে। এর অংশ হিসেবে গঠন করা হবে একটি ‘ডিএস্কেলেশন সেল’ বা সংঘাত-নিরসন কেন্দ্র। এতে সংশ্লিষ্ট পক্ষগুলির পাশাপাশি লেবাননের প্রতিনিধিরাও থাকবেন। নতুন করে সামরিক সংঘর্ষ বা অভিযান যাতে শুরু না হয়, তা নিশ্চিত করাই হবে এই সেলের প্রধান দায়িত্ব।

৩. হরমুজ় প্রণালী নিয়ে সরাসরি যোগাযোগ ব্যবস্থা
বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে আমেরিকা ও ইরানের মধ্যে একটি সরাসরি যোগাযোগ ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে হরমুজ় প্রণালী দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য নির্বিঘ্ন রাখতে এই ‘হটলাইন’ বা যোগাযোগ চ্যানেল চালু থাকবে। এতে ভুল বোঝাবুঝি ও অনাকাঙ্ক্ষিত সামরিক উত্তেজনার ঝুঁকি কমবে বলে আশা করা হচ্ছে। অন্তত ৬০ দিনের আলোচনাকালীন এই ব্যবস্থা কার্যকর থাকবে।

৪. ইরানের দাবি — নিষেধাজ্ঞা শিথিল ও সম্পদ মুক্তির আশ্বাস

বিদেশমন্ত্রী আরাঘচির দাবি, বৈঠকের ফলে ইরান কয়েকটি গুরুত্বপূর্ণ সুবিধা পেয়েছে। তাঁর বক্তব্য অনুযায়ী — হরমুজ প্রণালী ঘিরে মার্কিন অবরোধ শিথিল করার আশ্বাস মিলেছে । তেল ও পেট্রোরসায়ন পণ্যের উপর আরোপিত কিছু বাণিজ্যিক বিধিনিষেধে ছাড় দেওয়া হয়েছে । বিদেশে আটকে থাকা ইরানের কিছু সম্পদ ও তহবিল মুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে । ইরানের পুনর্গঠন ও উন্নয়ন কর্মসূচির জন্য আন্তর্জাতিক সহায়তার বিষয়েও ইতিবাচক অগ্রগতি হয়েছে । তবে উল্লেখযোগ্যভাবে, পাকিস্তান-কাতারের যৌথ বিবৃতিতে ইরানের সম্পদ মুক্তির বিষয়ে কোনও আনুষ্ঠানিক উল্লেখ করা হয়নি ।

৫. পারমাণবিক কর্মসূচি ও নিষেধাজ্ঞা নিয়ে প্রযুক্তিগত আলোচনা অব্যাহত

যেসব বিষয়ে এখনও মতৈক্য হয়নি, সেগুলি নিয়ে কারিগরি পর্যায়ে আলোচনা চলবে । বিশেষত ইরানের পারমাণবিক কর্মসূচি, মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি এই আলোচনার কেন্দ্রে থাকবে । মধ্যস্থতাকারীরাও এ বিষয়ে আলোচনা চালিয়ে যাওয়ার পক্ষে সম্মত হয়েছেন ।

তবে শান্তি-আলোচনার শুরু থেকেই পরিস্থিতি পুরোপুরি মসৃণ ছিল না । মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে সতর্ক করে বলেন, লেবাননে ইরান যদি তাদের মিত্র শক্তিগুলিকে নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হয়, তাহলে আমেরিকা আবারও সামরিক পদক্ষেপ নিতে পারে । এমনকি তিনি মন্তব্য করেন যে, সে ক্ষেত্রে ইরান নিজেদের দেশ হিসেবেই টিকে থাকতে পারবে না ।

ট্রাম্পের এই মন্তব্য প্রকাশ্যে আসার পর ইরানি প্রতিনিধিদল তীব্র অসন্তোষ প্রকাশ করে। প্রতিবাদস্বরূপ বিদেশমন্ত্রী আরাঘচির নেতৃত্বাধীন প্রতিনিধি দল বৈঠককক্ষ ত্যাগ করে । নির্ধারিত করমর্দন ও যৌথ ফটোসেশনও শেষ পর্যন্ত বাতিল করা হয় । তবুও প্রাথমিক উত্তেজনা কাটিয়ে আলোচনার প্রথম পর্ব শেষ হয়েছে এবং আগামী ৬০ দিনের মধ্যে একটি বৃহত্তর সমঝোতার লক্ষ্যে উভয় পক্ষ আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!