- এই মুহূর্তে বি। দে । শ
- আগস্ট ৭, ২০২৬
থাইল্যান্ডের স্কুলে চলল গুলি ! শিক্ষক-সহ নিহত ২ , আহত বহু
থাইল্যান্ডের স্কুলে ভয়াবহ ঘটনা। স্কুলের ক্লাসরুমের মধ্যেই এলোপাথাড়ি গুলি চালাল এক নাবালক পড়ুয়া। সেখানকার স্থানীয় সংবাদমাধ্যমগুলির খবর অনুযায়ী, ক্লাস চলাকালীন আচমকাই বন্দুক উঁচিয়ে পড়ুয়া এবং শিক্ষকদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে ওই পড়ুয়া। মুহূর্তে ঘটনার আকস্মিকতায় প্রাণ বাঁচাতে ক্লাসরুমের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। হুড়োহুড়ি শুরু হয় গোটা স্কুলে। পরিস্থিতি সামাল দিতে এক শিক্ষক ওই নাবালক পড়ুয়ার দিকে এগিয়ে আসতেই তাঁকেও গুলি করে ওই নাবালক পড়ুয়া, এমনটাই অভিযোগ। গুলিচালনার ঘটনায় ওই শিক্ষক-সহ ২ জনের ক্লাসরুমের মধ্যেই মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে।
শুক্রবার ঘটনাটি ঘটেছে নন্থাবুড়ি প্রদেশের বাংক্রুয়াই জেলার একটি নামী স্কুলে। ওই দেশের স্থানীয় সূত্রে জানা গেছে, ১০-১৫ জন আহত হওয়ার দাবি করা হলেও, পুলিশ এখনও চার জন আহত হওয়ার কথা নিশ্চিত করেছে। খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ চলে আসে। নন্থাবুড়ি প্রদেশের পুলিশ প্রধান দেচারেপি কোংডি সংবাদ সংস্থাকে জানিয়েছেন, হামলাকারী নবম শ্রেণির এক ছাত্র। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, থাইল্যান্ডের ওই স্কুলে ৩১০০ জন পড়ুয়া রয়েছে। শিক্ষকের সংখ্যা ১৪৭।
স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, স্কুলে হামলা চালানোর পর ওই পড়ুয়া আত্মঘাতী হয়েছে। আবার অন্য কয়েকটি সূত্রের দাবি, পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে হামলাকারী নবম শ্রেণির পড়ুয়ার। তবে আততায়ী আত্মঘাতী হয়েছে, না কি পুলিশের গুলিতে মৃত্যু— তা নিয়ে প্রশাসনের তরফে কিছু জানানো হয়নি। এক পুলিশকর্তা জানিয়েছেন, পড়ুয়াদের নিরাপদে বার করে আনাই প্রথম লক্ষ্য ছিল তাদের কাছে। শিক্ষকদেরও নিরাপদে বার করে আনার চেষ্টা হচ্ছে। কিন্তু কী কারণে ওই পড়ুয়া স্কুলে হামলা চালাল, তা এখনও স্পষ্ট নয়।
❤ Support Us







