- Uncategorized
- মে ২৭, ২০২৬
২০২৬ বিশ্বকাপে একমাত্র ভারতীয় মহিলা চিত্রগ্রাহক, ফিফার বিশেষ স্বীকৃতি গীতিকাকে
ফুটবল বিশ্বকাপে ভারত অংশগ্রহন না করলেও ভারতীয়রা ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে ছাপ রাখছে। আসন্ন ২০২৬ বিশ্বকাপ কভার করার জন্য অসমীয়া চিত্রসাংবাদিক গীতিকা তালুকদারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে ফিফা। বিশ্বকাপের জন্য স্বীকৃতিপ্রাপ্ত তিনিই একমাত্র ভারতীয় মহিলা চিত্রসাংবাদিক।
এই স্বীকৃতি গীতিকা তালুকদারের চিত্রসাংবাদিকতা জীবনে একটা বড় মাইলফলক। কারণ, এই নিয়ে তৃতীয়বার তিনি পুরুষদের ফিফা বিশ্বকাপ কভার করতে চলেছেন। এর আগে ২০১৮ সালে রাশিয়া এবং ২০২২ সালে কাতার ফুটবল বিশ্বকাপ কভার করেছিলেন গীতিকা। শুধু দুটি পুরুষদের ফুটবল বিশ্বকাপ নয়, ২০১৯ সালে ফ্রান্সে অনুষ্ঠিত মহিলাদের ফুটবল বিশ্বকাপ, ২০২৩ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড অনুষ্ঠিত মহিলা ফুটবল বিশ্বকাপ, ২০২০ টোকিও অলিম্পিক গেমস, ২০২৪ প্যারিস অলিম্পিক গেমসও কভার করেছেন।
গীতিকা তালুকদারের এই যাত্রা বিশাল স্টেডিয়ামের ভেতর থেকে শুরু হয়নি। শুরু হয়েছিল একটা ক্যামেরা, খেলাধুলার প্রতি ভালোবাসা এবং একরাশ স্বপ্ন দিয়ে, যা উত্তর–পূর্ব ভারত থেকে তাঁকে বিশ্বমঞ্চে পৌঁছে দিয়েছে। অরুণাচল প্রদেশে জন্মগ্রহণ করেন গীতিকা তালুকদার। বাবার বদলির কারণে ভারতের বিভিন্ন শহরে তাঁর বেড়ে ওঠা। কেন্দ্রীয় বিদ্যালয়ে পড়াশোনা করার পর ক্রীড়া সাংবাদিকতা ও ফটোগ্রাফিতে নিজের কর্মজীবন গড়ে তোলেন। পরবর্তীতে তিনি সিওল ন্যাশনাল ইউনিভার্সিটিতে গ্লোবাল স্পোর্টস ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করার জন্য দক্ষিণ কোরিয়ায় চলে যান। তিনি দক্ষিণ কোরিয়ার ক্রীড়া ও সংস্কৃতি মন্ত্রণালয় থেকে বৃত্তি লাভ করেন এবং ক্রীড়া গণমাধ্যমে লিঙ্গ বৈষম্য নিয়ে গবেষণা করেন। তাঁর কর্মজীবন শুরু হয়েছিল এক ফটো নিউজ এজেন্সির মাধ্যমে এবং একইসঙ্গে তিনি স্থানীয় গণমাধ্যমগুলোতেও অবদান রাখেন। সময়ের সঙ্গে সঙ্গে তিনি পুরোপুরি ক্রীড়া সাংবাদিকতা এবং ক্রীড়া ফটোগ্রাফিতে মনোনিবেশ করেন।
ফিফার এই আনুষ্ঠানিক স্বীকৃতিকে গর্বের মুহূর্ত হিসেবে দেখছেন গীতিকা তালুকদার। গীতিকার দাবি, ফুটবল ফটোগ্রাফি ও ক্রীড়া সাংবাদিকতার প্রতি তাঁর অনুরাগেরই প্রতিফলন ফিফার এই স্বীকৃতি। টানা তিনবার পুরুষদের ফিফা বিশ্বকাপের জন্য আনুষ্ঠানিক স্বীকৃতি পাওয়ার পর গীতিকা আন্তর্জাতিক ফুটবল মঞ্চে রিপোর্টিং ও ফটোগ্রাফিতে ধারাবাহিক অভিজ্ঞতাসম্পন্ন গণমাধ্যম প্রতিনিধিদের বিশেষ তালিকায় স্থান পেয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আয়োজিত ২০২৬ ফিফা বিশ্বকাপ কভার করতে জুনে নিউ ইয়র্ক উড়ে যাবেন।
❤ Support Us





