Advertisement
  • Uncategorized দে । শ
  • মে ২৫, ২০২৬

লালবাজারের অভিযানে ফের কলকাতায় নারীপাচার চক্র ফাঁস! উদ্ধার ৩ নেপালি তরুণী, ধৃত এক মহিলা

আরম্ভ ওয়েব ডেস্ক
লালবাজারের অভিযানে ফের কলকাতায় নারীপাচার চক্র ফাঁস! উদ্ধার ৩ নেপালি তরুণী,  ধৃত এক মহিলা

কলকাতায় ফের নারীপাচার চক্রের পর্দাফাঁস করল লালবাজারের গোয়েন্দা বিভাগ। কাজের প্রলোভন দেখিয়ে নেপাল থেকে কলকাতায় আনা ৩ তরুণীকে সোনাগাছির যৌনপল্লি থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম শোভা তামাং। তিনি সোনাগাছির একটি বাড়ির দেখভালের দায়িত্বে ছিলেন।

পুলিশ সূত্রে খবর, ওই বাড়িতে কর্মরত বহু যৌনকর্মীই নেপালের বাসিন্দা। সে সুযোগকেই কাজে লাগিয়ে নেপালের তরুণীদের কাজের প্রতিশ্রুতি দিয়ে কলকাতায় আনা হতো বলে অভিযোগ। তদন্তকারীদের দাবি, কাজের আশায় কলকাতায় আসার পর ওই ৩ তরুণীকে সোনাগাছিতে বিক্রি করে দেওয়া হয়। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার বিকেলে অভিযান চালায় লালবাজারের গোয়েন্দারা। প্রথমে সংশ্লিষ্ট বাড়িটিকে শনাক্ত করা হয়। এরপর সেখানে তল্লাশি চালিয়ে তরুণীদের উদ্ধার করা হয়। ঘটনায় বাড়ির দায়িত্বে থাকা শোভা তামাংকে গ্রেফতার করেছে পুলিশ।

উদ্ধার হওয়া তরুণীদের বাড়ি নেপালের কোন এলাকায়, কীভাবে তাঁদের কলকাতায় আনা হয়েছিল এবং কার মাধ্যমে কাজের যোগাযোগ করা হয়েছিল— তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ইতিমধ্যেই এ বিষয়ে নেপালের দূতাবাসের সঙ্গেও যোগাযোগ করেছে লালবাজার। পুলিশের প্রাথমিক অনুমান, নারীপাচার চক্রের সদস্যরা নেপালের গ্রামাঞ্চলে গিয়ে মেয়েদের চাকরির প্রলোভন দেখিয়ে পশ্চিমবঙ্গে নিয়ে আসছে। এরপর তাঁদের যৌনপল্লিতে পাচার করা হচ্ছে।

উল্লেখ্য, মাত্র ৮ মাস আগেও বড়তলা থানা এলাকায় নারীপাচার চক্রের হদিশ মিলেছিল। সেই সময় একটি বাড়ি থেকে ৯ জন নাবালিকা-সহ মোট ১১ জনকে উদ্ধার করা হয়েছিল। ফের একই ধরনের ঘটনার সামনে আসায় উদ্বেগ বাড়ছে। এ ধরণের চক্রগুলোর সঙ্গে এ রাজ্যের কারা যুক্ত, ভিনরাজ্যের কোনো র‌্যাকেটের যোগ রয়েছে কি না, তা জানতে ধৃত মহিলাকে জেরা করছে পুলিশ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!