Advertisement
  • Uncategorized দে । শ
  • মে ২৫, ২০২৬

মোদির কনভয় রুটে জিলেটিন স্টিক উদ্ধার, নিরাপত্তায় গাফিলতিতে বেঙ্গালুরুতে ৬ পুলিশকর্মী সাসপেন্ড

আরম্ভ ওয়েব ডেস্ক
মোদির কনভয় রুটে জিলেটিন স্টিক উদ্ধার, নিরাপত্তায় গাফিলতিতে বেঙ্গালুরুতে ৬ পুলিশকর্মী সাসপেন্ড

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বেঙ্গালুরু সফরের সময় তাঁর কনভয় রুটের কাছ থেকে ভয়ংকর বিস্ফোরক সামগ্রী জিলেটিন স্টিক উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দেশজুড়ে। নিরাপত্তা ব্যবস্থায় গুরুতর গাফিলতির অভিযোগে এবার কড়া পদক্ষেপ নিল প্রশাসন। বেঙ্গালুরুর পুলিশ সুপারের নির্দেশে ৬ জন পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁদের বিরুদ্ধে এই বরখাস্তের নির্দেশ বহাল থাকবে বলে জানানো হয়েছে।

ঘটনাটি ঘটে গত ১০ মে। ওইদিন বেঙ্গালুরুর আর্ট অফ লিভিং সেন্টারে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। তাঁর যাত্রাপথে কাগ্গালিপুরা এলাকার থাথাগুনির কাছে পুলিশের কাছে একটি সন্দেহজনক ফোনকল আসে। সেই সূত্র ধরেই শুরু হয় তল্লাশি অভিযান। তল্লাশির সময় রাস্তার ধারে উদ্ধার হয় দুটি জিলেটিন স্টিক।

প্রধানমন্ত্রীর কনভয় রুটে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় তীব্র উদ্বেগ তৈরি হয় প্রশাসনের মধ্যে। জানা গিয়েছে, যেখানে জিলেটিন স্টিকগুলি পাওয়া যায়, সেখান থেকে অনুষ্ঠানস্থলের দূরত্ব ছিল মাত্র ৩ কিলোমিটার। এরপরই গোটা এলাকায় হাই অ্যালার্ট জারি করা হয় এবং নিরাপত্তা আরও জোরদার করা হয়।

ঘটনার পর প্রশাসন দ্রুত তদন্ত শুরু করে। কীভাবে প্রধানমন্ত্রীর যাত্রাপথের এত কাছে বিস্ফোরক পৌঁছল এবং এর পিছনে কোনও নাশকতার পরিকল্পনা বা ইচ্ছাকৃত নিরাপত্তা বিঘ্নের চেষ্টা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তের ভিত্তিতেই ৬ জন পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে।

এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। কর্নাটকের কংগ্রেস সরকারকে তীব্র আক্রমণ করেছে বিজেপি। রাজ্যের বিজেপি সভাপতি ও বিধায়ক বি ওয়াই বিজয়েন্দ্র এই ঘটনাকে “ক্ষমার অযোগ্য” এবং “নিরাপত্তার চরম ব্যর্থতা” বলে মন্তব্য করেছেন। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “কর্নাটকে আইন-শৃঙ্খলা ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। দেশের প্রধানমন্ত্রীর  নিরাপত্তায় সামান্যতম গাফিলতি মেনে নেওয়া যায় না। যাঁদের অবহেলায় এই ঘটনা ঘটেছে, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।”


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!