- এই মুহূর্তে দে । শ
- আগস্ট ৪, ২০২৬
নয়ডার চিপ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড! উদ্ধার অভিযানে প্রাণ গেল ২ দমকলকর্মীর, আহত আরও ৩
উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার ইকোটেক-৩ শিল্পাঞ্চলে অবস্থিত একটি ইলেকট্রনিক চিপ উৎপাদনকারী কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। আগুন নেভানোর সময় কারখানার একটি দেওয়াল ও ভারী লোহার বিম ভেঙে পড়ে পাঁচজন দমকলকর্মী ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েন। তাঁদের মধ্যে দু-জনের মৃত্যু হয়েছে, অপর তিনজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভোর প্রায় ৩টা নাগাদ গ্রেটার নয়ডার ইকোটেক-৩ শিল্পাঞ্চলে অবস্থিত আইএলগিআইএম সংস্থার প্রিন্টেড সার্কিট বোর্ড চিপ তৈরির কারখানায় আগুন লাগে। খবর পেয়ে দমকল বাহিনীর ছয়টি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন অনেকটাই নিয়ন্ত্রণে চলে এলেও আচমকাই কারখানার পাশের একটি দেওয়াল এবং ভারী লোহার বিম ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েন দমকলের পাঁচ কর্মী। তাঁদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় চিফ কনস্টেবল-ড্রাইভার তিরথপাল সিংহ এবং ফায়ারম্যান রোহিত যাদবের মৃত্যু হয়।
আহত দমকলকর্মীরা হলেন রাজপাল সিংহ, মণীশ কুমার এবং অমিত কুমার। পুলিশ জানিয়েছে, তাঁদের অবস্থা বর্তমানে স্থিতিশীল এবং তাঁরা আশঙ্কামুক্ত। ঘটনার পর পুলিশ, দমকল বাহিনী এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা যৌথভাবে উদ্ধার ও তল্লাশি অভিযান চালাচ্ছেন। কারখানার ভিতরে এখনও কেউ আটকে রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে আগুন লাগার নির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। শর্ট সার্কিট, কারখানায় ব্যবহৃত রাসায়নিক পদার্থ কিংবা উৎপাদন প্রক্রিয়ার কোনও ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাস্থলে ফরেনসিক বিশেষজ্ঞদেরও ডাকা হয়েছে এবং তাঁরা নমুনা সংগ্রহ করে তদন্ত শুরু করেছেন।
এই মর্মান্তিক ঘটনায় দমকল বিভাগের দুই কর্মীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে উদ্ধার অভিযানের সময় নিরাপত্তা ব্যবস্থা যথাযথ ছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে এবং কারখানায় নিরাপত্তা বিধি লঙ্ঘনের কোনো ঘটনা ঘটেছে কি না, তাও খতিয়ে দেখা হবে। তদন্তের রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
❤ Support Us







