- এই মুহূর্তে দে । শ
- ফেব্রুয়ারি ৬, ২০২৫
সন্দীপের সাময়িক স্বস্তি, চাপে সিবিআই — পিছিয়ে গেল আর জি কর দুর্নীতি মামলার চার্জগঠন প্রক্রিয়া
হাইকোর্টের নজরদারিতেই আলিপুর আদালতে আরজি কর দুর্নীতি মামলার তদন্ত হবে। সঠিক পদ্ধতি মেনে বিচার প্রক্রিয়া সংগঠিত করার নামে যাতে বিচারপ্রক্রিয়া বিলম্বিত না হয়, সেটা দেখার দায়িত্ব উচ্চ আদালতের, জানালেন বিচারপতি জয়মাল্য বাগচি।
আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠন প্রক্রিয়া ফের পিছিয়ে গেল। বৃহস্পতিবার এই মামলার শুনানি থাকলেও, তা হয় নি। শুক্রবার ফের মামলাটি শুনবেন বিচারপতি জয়মাল্যা বাগচী ও বিচারপতি শুভেন্দু সামন্তের ডিভিশন বেঞ্চ। বিচারপতি জয়মাল্য বাগচী এদিন বলেন, “ভারতীয় ন্যায় সংহিতায় পরিষ্কার উল্লেখ রয়েছে যে, চার্জশিটের প্রতিলিপি পাওয়ার পর অভিযুক্তকে চার্জ গঠনের আগে ৬০ দিন সময় দিতে হবে । সেটা কখনওই তিনদিন হতে পারে না ।” আদালতের নির্দেশ, আবেদনকারী, সিবিআই ও ইডির আইনজীবীরা একসঙ্গে বসে সময় নির্ধারণ করবেন । নির্ধারিত তারিখ আগামিকাল আদালতকে জানাতে হবে । এ ক্ষেত্রে মাথায় রাখতে হবে, চার্জ গঠনের আগে মামলা থেকে অব্যাহতির জন্য নিম্ন আদালতে আবেদন করার সুযোগ পাবেন অভিযুক্তরা । সেই আবেদনের শুনানি ও সামগ্রিক প্রক্রিয়া ১৪ দিনের মধ্যে শেষ করতে হবে । ১৫ দিনের মাথায় নিম্ন আদালতে যাতে চার্জ গঠন হয়, সে বিষয়ে আইনজীবীদের অবগত থাকতে হবে ।
আদালতের পর্যবেক্ষণ, প্রয়োজনীয় নথি হাতে পাওয়ার পর থেকে চার্জগঠন এবং ‘ডিসচার্জ পিটিশন’ অর্থাৎ মামলা থেকে অব্যাহতি চেয়ে জেলবন্দি হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ যে মামলা করেছেন, তার জন্য একটা গ্রহণযোগ্য সময় দিতে হবে অভিযুক্তদের। এর ফলে আগামী দুসপ্তাহের আরজি কর দুর্নীতি মামলার চার্জগঠন করা সম্ভব নয় বলে মনে করছেন আইনজীবীরা। হাইকোর্টের নজরদারিতেই আলিপুর আদালতে দুর্নীতি মামলার তদন্ত হবে বলে জানিয়েছেন বিচারপতি। কোর্ট এও জানিয়েছে, সঠিক পদ্ধতি মেনে বিচার প্রক্রিয়া সংগঠিত করার নামে যাতে বিচারপ্রক্রিয়া বিলম্বিত না হয়, সেটা দেখার দায়িত্ব উচ্চ আদালতের। ৬ ফেব্রুয়ারির মধ্যে আর জি করে আর্থিক দুর্নীতি মামলার চার্জগঠনের শেষ দিন ধার্য করা হয়েছিল। তার আগে অবশ্য এই মামলা থেকে অব্যাহতি চেয়ে সন্দীপ ঘোষ, সুমন হাজরা, আশিস পাণ্ডেরা আবেদন জানিয়েছিলেন আদালতে। আগামীকাল এই আবেদনের শুনানির পরে চার্জগঠন হতে পারে। সিবিআই আইনজীবীদের সঙ্গে তার আগে কথা বলবেন সন্দীপদের আইনজীবী। তবে মামলার চার্জগঠন প্রক্রিয়া ক্রমশ পিছিয়ে যাওয়ায় অভিযুক্তরা জামিন পেয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে সিবিআই।
উল্লেখ্য, আরজি কর দুর্নীতি মামলায় অভিযুক্ত সন্দীপ ঘোষ চার্জ গঠনের বিরোধিতা করে আবেদন করেছিলেন, তা ফের এদিন খারিজ হয়ে যায়। ঘোষের আইনজীবীর বক্তব্য ছিল, ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী সাত দিন সময় দিতে হবে ডিসচার্জ পিটিশনের জন্য। তাঁদের প্রায় কুড়ি হাজার পাতার চার্জশিট দেওয়া হয়েছে যা পড়ার সময় দেওয়া হয়নি। সেক্ষেত্রে একক বেঞ্চ কী করে বলতে পারে এক সপ্তাহের মধ্যে বিচার প্রক্রিয়া শুরু করতে?’ আদালতে আর জি করে প্রাক্তন অধ্যক্ষের যুক্তি ছিল, ফেয়ার ট্রায়াল সবার অধিকার। চার্জশিট পেশ ও অনুমোদনের মধ্যে আমাদের ভূমিকা কোথায়? সকলেই হেফাজতে রয়েছে। আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে।’ আজ বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আগামিকাল সকালে ফের এই মামলা ডিভিশন বেঞ্চ শুনবে । ফলে আজ নিম্ন আদালতে যে চার্জ গঠন হওয়ার কথা ছিল তা হচ্ছে না ।
❤ Support Us







