- এই মুহূর্তে দে । শ
- সেপ্টেম্বর ৩, ২০২৫
জামিয়াত উলেমার সভাপতিকে জেলে পাঠানোর হুমকি অসমের মুখ্যমন্ত্রীর
অল ইন্ডিয়া জামিয়াত উলেমা–ই–হিন্দের সভাপতি মৌলানা মাহমুদ মাদানিকে জেলে পাঠানোর হুমকি দিলেন হিমন্ত বিশ্ব শর্মা। শুধু তাই নয়, মাদানির প্রাসঙ্গিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন অসমের মুখ্যমন্ত্রী। অসমের গোয়ালপাড়া জেলার উচ্ছেদ স্থানগুলি পরিদর্শন পর সংবাদমাধ্যমের সামনে অসম সরকারের সমালোচনা করায় মাদানিকে তীব্র আক্রমণ করেছেন হিমন্ত বিশ্ব শর্মা।
মাহমুদ মাদানিসহ জামিয়াত উলেমা–ই–হিন্দের ৭ সদস্যের একটা দল গোয়ালপাড়া জেলার উচ্ছেদ স্থানগুলি পরিদর্শন করেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মাদানি দাবি করেন যে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই অসম সরকারকে উচ্ছেদ অভিযান পরিচালিত করতে হবে। তিনি বলেন, ‘জামিয়াতে উলেমা–ই–হিন্দ দখল অপসারণের বিরোধিতা না করলেও অন্যায় এবং বর্বর শক্তি প্রয়োগের বিরুদ্ধে। গোয়ালপাড়ার পরিস্থিতি, যেখানে উচ্ছেদ অভিযান হয়েছে, তা খুবই দুঃখজনক। যাদের উচ্ছেদ করা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে তাদের পুনর্বাসন দেওয়া উচিত। যারা বিদেশী তাদের ফেরত পাঠানো হোক, যারা ভারতীয় তাদের পুনর্বাসনের ব্যবস্থা করুক অসম সরকার।’ তিনি আরও বলেন, ‘সুপ্রিম কোর্ট বারবার বলেছে, যখনই কোনও উচ্ছেদ ঘটবে, তখন পুনর্বাসন পরিকল্পনাও থাকা উচিত। আমরা দাবি করছি যে, অসম সরকার ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনের ব্যবস্থা করুক।’
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মাদানির তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, ‘আমরা ওদের এই জায়গাগুলিতে যাওয়ার অনুমতি দিয়েছি। কেউ যদি জমি দখল করে, তাহলে পরিস্থিতি দাঁড়ায়, তা নিজেদের চোখে দেখার জন্য।’ অসমের মুখ্যমন্ত্রী অভিযোগ করেন যে, বহিরাগতরা জমি সংক্রান্ত বিষয়ে গ্রামবাসীদের বিভ্রান্ত করছে এবং অন্যায়ভাবে বিজেপির ওপর দোষ চাপাচ্ছে। হিমন্ত বলেন, ‘ওরা জমিতে প্রবেশের আগে গ্রামবাসীদের অবহিতও করে না, এবং পরে তারা বিজেপিকে দোষারোপ করে। কিন্তু বিজেপি কাউকে ভয় পায় না।’
মাদানির প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন তুলে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ‘মাদানি কে? তিনি কি ঈশ্বর? মাদানির বীরত্ব কেবল কংগ্রেসের সময়, বিজেপির সময় নয়। কংগ্রেসের শাসন কালেই খ্যাতি পেয়েছিলেন। মাদানি যদি নিজের সীমা অতিক্রম করে, আমি তাঁকে জেলে পাঠাব। আমি মুখ্যমন্ত্রী, মাদানি নই। আমি মাদানিকে ভয় পাই না।’ হিমন্ত বিশ্ব শর্মা মাদানিকে সতর্ক করে দিয়েছিলেন যে, যদি তিনি সীমা অতিক্রম করেন, তাহলে তাঁকে গ্রেফতার করা হবে।
এদিকে, তাঁকে গ্রেফতার করে বাংলাদেশে পাঠানো হবে বলে হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্যের সমালোচনা করে মাদানি বলেন, ‘ সোমবার থেকে আমি হিমন্ত বিশ্ব শর্মার রাজ্যে আছি। তিনি বলছেন যে, প্রতিটি মুসলিমকে বাংলাদেশে পাঠানো উচিত। যারা এই দেশে ঘৃণা ছড়াচ্ছে তাদের পাকিস্তানে চলে যাওয়া উচিত। যাদের ঘৃণার মানসিকতা আছে, তাদের পাকিস্তানে চলে যাওয়া উচিত। কেন তারা এই সুন্দর দেশে বাস করবে, যেখানে সম্প্রীতি এবং প্রাচীন সভ্যতা রয়েছে? আমরা এই ধরনের শব্দ ব্যবহার করে প্রাচীনতম এবং সর্বশ্রেষ্ঠ সভ্যতা হয়ে উঠিনি।’
❤ Support Us







