Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • অক্টোবর ৪, ২০২৩

৭দিনের পুলিশি হেফাজতে নিউজক্লিকের প্রতিষ্ঠাতা প্রবীর পুরকায়স্থ সহ একাধিক সাংবাদিক । গণতন্ত্রের কন্ঠরোধ করতে চাইছে সরকার, প্রতিবাদে সরব ভারতীয় প্রেস ক্লাব

আরম্ভ ওয়েব ডেস্ক
৭দিনের পুলিশি হেফাজতে নিউজক্লিকের প্রতিষ্ঠাতা প্রবীর পুরকায়স্থ সহ একাধিক সাংবাদিক । গণতন্ত্রের কন্ঠরোধ করতে চাইছে সরকার, প্রতিবাদে সরব ভারতীয় প্রেস ক্লাব

নিউজক্লিকের প্রতিষ্ঠাতা সাংবাদিক প্রবীর পুরকায়স্থকে গ্রেফতার করা হল। সন্ত্রাসবাদ বিরোধী আইনে সহ একাধিক ধারায় তাকে গ্রেফতার করা হয়েছে। নিউ ইয়র্ক টাইমস একটি অন্তর্তদন্তমূলক রিপোর্ট প্রকাশ করেছিল। সেখানে বলা হয়েছিল চিনের পক্ষে প্রচার করার জন্য তারা ফান্ডিং পাচ্ছে। এরপরই শুরু হয় অভিযান। তার পর গ্রেফতার করা হয় প্রবীর পুরকায়স্থকে। তাঁর ৭দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

একই সঙ্গে নিউজক্লিক পোর্টালের এইচআর প্রধান অমিত চক্রবর্তীকেও গ্রেফতার করা হয়েছে। এর আগে দিল্লি এনসিআর, মুম্বই সহ অন্তত ২০টি জায়গায় পুলিশ অভিযান চালায়। এমনকি সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির সরকারি বাসভবনেও তল্লাশি চালিয়ে তাঁর বন্ধুর পুত্রের ল্যাপটপ ও মোবাইল পুলিশ বাজেয়াপ্ত করে। সীতারাম ইয়েচুরি সহ অনেকেই বলছেন এটা সংবাদমাধ্যমের মুখ বন্ধ করার প্রয়াস ছাড়া কিছু নয়।

দিল্লি পুলিশ সূত্রে জানা গেছে, দুই অভিযুক্ত প্রবীর পুরকায়স্থ ও অমিত চক্রবর্তীকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে ৩৭জন পুরুষ সন্দেহভাজন ও ৯জন মহিলা সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের একাধিক সামগ্রীকে বাজেয়াপ্ত করা হয়েছে।

দিল্লি পুলিশ জানিয়েছে, নিউজক্লিক প্রায় ৩৮ কোটি টাকা চিনের সূত্র ধরে পেয়েছে। এমনকী এই ওয়েবসাইটটি চিনের পক্ষে খবর করার জন্য ব্যবহার করা হচ্ছিল। সংস্থাটি ২৯ কোটি টাকা এক্সপোর্ট সার্ভিস হিসাবে পেয়েছিল আর ৯ কোটি টাকা পেয়েছিল এফডিআই হিসাবে। এমনকী এই টাকা তিস্তা শীতলাবাদ ও গৌতম নবলাখার মধ্যে ভাগও করা হয়েছিল বলেও দিল্লি পুলিশের দাবি।

প্রেস ক্লাব অফ ইন্ডিয়া তাদের এক্স হ্যান্ডেলে লিখেছে, সাংবাদিকদের বাড়িতে পুলিশের হানা নিয়ে আমরা উদ্বিগ্ন। নিউজ ক্লিকের সঙ্গে থাকা লেখকদের বাড়িতেও হানা দেওয়া হয়েছে। আমরা গোটা বিষয়টির উপর নজর রাখছি। এনিয়ে বিস্তারিত আমাদের বক্তব্য আমরা পেশ করব।

বিশেষ সূত্রে জানা যাচ্ছে, এই অভিযানের আগে লোধি কলোনির স্পেশাল সেলের অফিসে অন্তত ২০০ জন পুলিশ আধিকারিক বৈঠকে করেছিল। রাত ২টোতে এই বৈঠক শুরু হয়। জুনিয়র অফিসারদের ফোন থানাতেই রেখে দিতে বলা হয়। যাতে অভিযানের খবর লিক না হয়ে যায়। তারপর শুরু হয় অভিযান।

এদিকে বিরোধী রাজনৈতিক দলগুলিও এই ঘটনা নিয়ে মুখ খুলেছে। কংগ্রেসের দাবি ছিল, জাতিভিত্তিক জনসংখ্যার রিপোর্ট বিহারে প্রকাশিত হয়েছে। সেটা থেকে দৃষ্টি ঘোরাতে গিয়ে এসব করা হল। পিডিপি নেত্রী মেহেবুবা মুফতি এই অভিযানের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!