- এই মুহূর্তে দে । শ
- আগস্ট ১, ২০২৬
দেশজুড়ে শুরু ডিজিটাল জনগণনা : ‘সেল্ফ এনুমারেশনে’ যুক্ত কলকাতার ১ হাজার স্কুলের পড়ুয়া, চলবে ১৫ আগস্ট পর্যন্ত
শনিবার থেকে পশ্চিমবঙ্গ-সহ দেশজুড়ে শুরু হচ্ছে ডিজিটাল পদ্ধতিতে জনগণনার প্রথম ধাপ ‘সেল্ফ এনুমারেশন’ (স্ব-সুমারি)। এ পর্যায়ে নাগরিকরা অনলাইনের মাধ্যমে নিজেরাই জনগণনার ফর্ম পূরণ করতে পারবেন। একই সঙ্গে প্রথম ধাপের গৃহগণনাও সম্পন্ন হবে। স্বাধীনতার পর শুরু হওয়া অষ্টম জনগণনার এই স্ব-সুমারি পর্ব চলবে ১৫ আগস্ট পর্যন্ত।
কলকাতা পুরসভার প্রশাসক তথা কমিশনার স্মিতা পাণ্ডে শুক্রবার জানান, শহরে এই কর্মসূচিকে সফল করতে প্রায় ৭০০টি সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত এবং ৩০০টি নামী বেসরকারি স্কুলের অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের যুক্ত করা হয়েছে। প্রতিটি স্কুলের প্রতিটি শ্রেণিতে একজন করে ‘সেন্সাস প্রিফেক্ট’ নিয়োগ করা হচ্ছে।
পুরসভার আশা, প্রযুক্তি-সচেতন এই শিক্ষার্থীরা শুধু নিজেদের পরিবারের সদস্যদেরই নয়, অতিরিক্ত ১০টি পরিবারকেও অনলাইনে ‘সেল্ফ এনুমারেশন’-এ অংশগ্রহণের জন্য উৎসাহিত করবে। স্মিতা পাণ্ডে জানান, কলকাতার আনুমানিক ৫৫ লক্ষ জনসংখ্যার মধ্যে অন্তত ২৫ থেকে ৩০ লক্ষ নাগরিককে এই স্ব-সুমারির আওতায় আনার লক্ষ্য নেওয়া হয়েছে। এই কাজের জন্য শহরে ৮,২০০ জন এনুমারেটর এবং ১,৪০০ জন সুপারভাইজার নিয়োগ করা হয়েছে।
অনলাইনে স্ব-সুমারির জন্য নাগরিকদের জনগণনা পোর্টালে প্রবেশ করে প্রায় ১০ মিনিটের মধ্যেই ফর্ম পূরণ করা সম্ভব। আবেদনকারীদের ৩৪টি প্রশ্নের উত্তর দিতে হবে, যার মাধ্যমে পরিবারের পাশাপাশি বাড়ি-সংক্রান্ত তথ্যও সংগ্রহ করা হবে। সম্পূর্ণ প্রক্রিয়াটি মোট আটটি ধাপে সম্পন্ন হবে। ফর্ম সফলভাবে জমা দেওয়ার পর আবেদনকারীর মোবাইল নম্বর বা ই-মেলে একটি ১১ সংখ্যার ‘SEID’ পাঠানো হবে। পুরপ্রশাসক জানিয়েছেন, এই নম্বরটি অত্যন্ত যত্নসহকারে সংরক্ষণ করতে হবে। কারণ, পরবর্তীকালে বাড়িতে গণনাকর্মীরা গেলে এই SEID দেখাতে হবে।
যাঁরা অনলাইনে ‘সেল্ফ এনুমারেশন’ করতে পারবেন না, তাঁদের জন্যও ব্যবস্থা রাখা হয়েছে। ১৬ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ‘ফিল্ড এনুমারেশন’-এর মাধ্যমে সরকারি গণনাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। এই ব্যবস্থা শুধু কলকাতায় নয়, রাজ্যের সমস্ত জেলাতেই কার্যকর হবে। এরপর জনগণনার দ্বিতীয় পর্যায়ে জনসংখ্যার বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু হবে, যা ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
❤ Support Us






