- মা | ঠে-ম | য় | দা | নে
- মার্চ ২২, ২০২৪
আফগানিস্তানে সঙ্গে ড্র। গুরুত্বপূর্ণ পয়েন্ট নষ্ট সুনীল ছেত্রিদের
সুযোগ ছিল গ্রুপ লিগের সবচেয়ে দুর্বল দল আফগানিস্তানের বিরুদ্ধেও জয় তুলে নিয়ে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের তৃতীয় রাউন্ডের দিকে এগিয়ে যায়ও। সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ ভারত। বৃহস্পতিবার রাতে সৌদি আরবের আভায় আফগানিস্তানের বিরুদ্ধে গোলশূন্য ড্র করলেন সুনীল ছেত্রিরা। ১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হল ইগর স্টিম্যাকের দলকে। ২৬ মার্চ ঘরের মাঠে না জিতলে স্বপ্নপূরণের থেকে অনেকটাই পিছিয়ে পড়তে হবে ভারতকে। কারণ গ্রুপ লিগের শেষ দুটি ম্যাচে খেলতে হবে শক্তিশালী কাতার ও কুয়েতের বিরুদ্ধে।
আফগানিস্তানের বিরুদ্ধে যথেষ্ট আক্রমণাত্মকভাবেই শুরু করেছিল ভারত। ৫ মিনিটে নিখিল পুজারির সেন্টারে হেড করেছিলেন ছাংতে। আফগানিস্তানের এক ডিফেন্ডার কর্ণারের বিনিময়ে বাঁচান। ১১ মিনিটে গোলের সুযোগ এসেছিল আফগানিস্তানের সামনে। শারজার শট বারের কয়েক ইঞ্চি ওপর দিয়ে বেরিয়ে যায়। ২৩ ও ২৫ মিনিটে মনবীর সিং ও ছাংতে দু–দুটি সুযোগ নষ্ট করেন। তবে আবগানিস্তানও পিছিয়ে ছিল না। বারবার প্রতি আক্রমণে উঠে এসে বিব্রত করছিল ভারতীয় রক্ষণকে। আমিরি, শারজারা ভাল জায়গায় বল পেয়েও ফিনিশ করতে পারেননি।
দ্বিতীয়ার্ধেও আক্রমণ প্রতি আক্রমণে খেলা জমে উঠেছিল। কিন্তু পেনিট্রেটিভ জোনে খেই হারিয়ে ফেলছিলেন দুই দলের স্ট্রাইকাররা। ৬২ মিনিটে গোলের সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন আফগানিস্তানের আকবরি। পেনাল্টি বক্সের মধ্যে সুবিধাজনক জায়গায় বল পেয়েও গোলে শট না নিয়ে বল বাড়ান পোপলজায়েকে। রাহুল বেকে বল বিপদমুক্ত করেন। দ্বিতীয়ার্ধে লিস্টন কোলাসো নামার পর ভারতের আক্রমণে গতি বাড়ে। কিন্তু গোলের মতো সুযোগ সেভাবে তৈরি হয়নি। দ্বিতীয়ার্ধে ভারতের সামনে বলার মতো একটাই সুযোগ আসে ৭৯ মিনিটে। কর্ণার থেকে ভেসে আসা বলে হেড করেছিলেন শুভাশিস বোস। তাঁর দুরন্ত হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। গোটা ম্যাচে সুনীল ছেত্রি এদিন একেবারেই নিস্প্রভ ছিলেন।
❤ Support Us








