Advertisement
  • দে । শ
  • নভেম্বর ৯, ২০২৩

প্রাক্তন নৌসেনা কর্মীদের ফাঁসি রদে ভারতের তৎপরতা, কাতারের আদালতে আবেদন করল ভারতের বিদেশ মন্ত্রক

আরম্ভ ওয়েব ডেস্ক
প্রাক্তন নৌসেনা কর্মীদের ফাঁসি রদে ভারতের তৎপরতা, কাতারের আদালতে  আবেদন করল ভারতের বিদেশ মন্ত্রক

ভারতীয় প্রাক্তন ৮ নৌসেনা কর্মীকে ফাঁসির সাজা শুনিয়েছে কাতারের আদালত। বেনজির এমন ঘটনা রুখতে এবার তৎপর হল কেন্দ্র। ইতিমধ্যেই কাতার প্রশাসনের কাছে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে আবেদন করা হয়েছে।

গত বছরের আগস্ট মাসে গ্রেপ্তার হয়েছিলেন এই ৮ প্রাক্তন ভারতীয় নৌসেনা। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করার সময় ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী বলেন, “মামলার বিস্তারিত বিবরণ এখনও পাওয়া যায়নি। বিচার প্রক্রিয়া গোপনে চলছে। কেবল আইনি দলের সঙ্গেই তা ভাগ করে নেওয়া হচ্ছে। আমরা এবার আইনি পদক্ষেপ নিতে শুরু করেছি।” অরিন্দম বাগচী জানিয়েছেন, ইতিমধ্যেই ভারত সরকার কাতার  প্রশাসনের কাছে ওই নৌকর্মীদের মৃত্যুদণ্ডের সাজা রুখতে আবেদন করেছেন।

সাংবাদিক সম্মেলনে অরিন্দম বাগচী আরও জানান, ধৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত ভারতের পক্ষে যোগাযোগ রাখা হচ্ছে। দিল্লিতে বিদেশমন্ত্রী এস জয়শংকর তাঁদের সঙ্গে দেখাও করেছেন। সব মিলিয়ে কেন্দ্র ওই প্রাক্তন নৌকর্মীদের মৃত্যুদণ্ড রুখতে সম্ভাব্য সব রকম দিকগুলো খতিয়ে দেখছে।

প্রসঙ্গত, ৮ প্রাক্তন ভারতীয় নৌসেনাকর্মীর সাজার কথা জানতে পেরে প্রথমেই অবাক হয়ে গিয়েছিল ভারতের বিদেশ মন্ত্রক। তখনই ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষে জানানো হয়, এই ৮ প্রাক্তন ভারতীয় নৌসেনার সুরক্ষায় সবরকম ব্যবস্থা নেবে ভারত সরকার।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!