- মা | ঠে-ম | য় | দা | নে
- এপ্রিল ২৭, ২০২৩
বিশ্রাম নিক ক্লান্ত রোহিত। পরামর্শ সুনীল গাভাসকারের
চলতি আইপিএলে একেবারেই ছন্দে নেই মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা। আইপিএলের পরই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলবে ভারত। এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আইপিএল থেকে রোহিত শর্মাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকার। তাঁর মতে, আইপিএলের টানা সূচির কারণে ক্লান্ত মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক।
আইপিএলের সম্প্রচারকারী চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে গাভাসকার বলেন, ‘এই মুহূর্তে আইপিএল থেকে রোহিত শর্মার বিশ্রাম নেওয়া উচিত এবং নিজেকে ফিট রাখা উচিত। আইপিএল থেকে বিশ্রাম নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে তরতাজা হয়ে ফিরে আসুক রোহিত। তবে বিশ্রাম নিয়ে আইপিএলের শেষ কয়েকটা ম্যাচের আগেও ফিরে আসতে পারে। ব্যক্তিগতভাবে আমার মনে হচ্ছে, এই মুহূর্তে রোহিত অনেক বেশি ক্রিকেট খেলছে।’
গাভাসকার আরও বলেন, ‘আমার মনে হয় আইপিএলের পাশাপাশি রোহিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়েও চিন্তা–ভাবনা করছে। আমি মনে করি এই পর্যায়ে রোহিতের কিছুটা বিশ্রাম দরকার। যাতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে ছন্দে থাকে।’ চলতি আইপিএলে একেবারেই ছন্দে নেই রোহিত শর্মা। ৭ ম্যাচে মাত্র ১৮১ রান করেছেন। স্ট্রাইক রেট ১৩৫.০৭।
এই মুহূর্তে আইপিএলের লিগ টেবিলে সপ্তম স্থানে রয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। মুম্বইয়ের এবছর প্লে অফে যাওয়ার সম্ভাবনা দেখছেন না গাভাসকার। তিনি বলেন, ‘মুম্বই যদি এবছর প্লে–অফে যোগ্যতা অর্জন করে তাহলে সেটা হবে অলৌকিক ঘটনা। প্লে–অফে উঠতে গেলে মুম্বইকে বাকি সব ম্যাচে অবিশ্বাস্য পারফরমেন্স করে জিততে হবে।’ মুম্বই ইন্ডিয়ান্সের বোলারদের পারফরমেন্সে চূড়ান্ত হতাশ গাভাসকার। তিনি বলেন, ‘এত সুযোগ দেওয়ার পরও বোলাররা ব্যর্থ হলে ওদের বিদায় জানানোই উচিত।’
❤ Support Us








