Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • এপ্রিল ১০, ২০২৫

রাজস্থান রয়্যালসকে ৫৮ রানে উড়িয়ে শীর্ষে উঠে এল গুজরাট টাইটান্স

আরম্ভ ওয়েব ডেস্ক
রাজস্থান রয়্যালসকে ৫৮ রানে উড়িয়ে শীর্ষে উঠে এল গুজরাট টাইটান্স

দারুণ ছন্দে গুজরাট টাইটান্স। জয়ের ধারাবাহিকতা বজায় রেখে লিগ টেবিলের শীর্ষে উঠে এল শুভমান গিলের দল। বুধবার ঘরের মাঠে রাজস্থান রয়্যালসকে হারাল ৫৮ রানে। দুরন্ত ব্যাটিং করে গুজরাটের জয়ের নায়ক সাই সুদর্শন।
আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে গুজরাট টাইটান্সকে প্রথমে ব্যাট করতে পাঠান রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন। তৃতীয় ওভারেই শুভমান গিলকে (‌৩ বলে ২)‌ তুলে নিয়ে গুজরাটকে প্রথম ধাক্কা দিয়েছিলেন জোফ্রা আর্চার। শুরুতেই শুভমানের ফিরে যাওয়াটা চাপে ফেলতে পারেনি গুজরাটকে। সাই সুদর্শন ও জস বাটলার চাপ কাটিয়ে দলকে এগিয়ে নিয়ে যান। দুজনের জুটিতে ওঠে ৮০ রান। দশম ওভারের শেষ বলে বাটলারকে তুলে নিয়ে জুটি ভাঙেন মহেশ থিকসানা। ২৫ বলে ৩৬ রান করে আউট হন বাটলার।
বাটলার আউট হওয়ার পরও রানের গতি কমেনি গুজরাট টাইটান্সের। শাহরুখ খানকে সঙ্গে করে দলকে এগিয়ে নিয়ে যান সাই সুদর্শন। ২০ বলে ৩৬ রানের ঝোড়ো ইনিংস খেলে আউট হন শাহরুখ। শেরফানে রাদারফোর্ড (‌৩ বলে ৭)‌ রান পাননি। ১৯ তম ওভারে আউট হন সুদর্শন। ৫৩ বলে ৮২ রানের ইনিংস খেলেন তিনি। ৪ বলে ১২ রান করেন রশিদ খান। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১৭ রান তোলে গুজরাট। ১২ বলে ২৪ রান করে অপরাজিত থাকেন রাহুল তেওয়াটিয়া। রাজস্থানের হয়ে তুষার দেশপাণ্ডে ও মহেশ থিকশানা ২টি করে উইকেট পান।
ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে রাজস্থান। ১২ রানের মধ্যে ফিরে যান যশস্বী জয়সওয়াল ও নীতীশ রানা। আর্শাদ খান ফেরান যশস্বীকে (‌৭ বলে ৬)‌। অন্যদিকে, মহম্মদ সিরাজ তুলে নেন নীতীশ রানাকে (‌৩ বলে ১)‌। প্রাথমিক ধাক্কা সামলে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন অধিনায়ক সঞ্জু স্যামসন ও রিয়ান পরাগ। সপ্তম ওভারে রিয়ান পরাগকে (‌১৪ বলে ২৬)‌ তুলে নেন কুলবন্ত খেজরোলিয়া। পরের ওভারেই ধ্রুব জুরেলকে (‌৪ বলে ৫)‌ ফেরান রশিদ খান। ৬৮ রানে ৪ উইকেট হারায় রাজস্থান।
সঞ্জু স্যামসন ও শিমরন হেটমায়ের কিছুটা লড়াইয়ের চেষ্টা করেছিলেন। সঞ্জু (‌২৮ বলে ৪১)‌ আউট হওয়ার পর ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় রাজস্থান। বাকিদের ব্যর্থতায় হেটমায়েরের লড়াই কাজে লাগল না। ৩২ বলে ৫২ রান করে আউট হন হেটমায়ের। ১৯.‌২ ওভারে ১৫৯ রানে গুটিয়ে যায় রাজস্থান। ২৪ রানে ৩ উইকেট নেন প্রসিদ্ধ কৃষ্ণ। ২টি করে উইকেট নেন সাই কিশোর ও রশিদ খান।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!