- মা | ঠে-ম | য় | দা | নে
- মার্চ ৫, ২০২৫
সম্মান বাঁচানোর ম্যাচেও গোয়ার কাছে হার মহমেডানের
টানা ৫ ম্যাচ হারের পর ওড়িশা এফসি-র মতো শক্তিশালী প্রতিপক্ষকে আগের ম্যাচে আটকে দিয়েছিল মহমেডান স্পোর্টিং। সমর্থকরা শেষ দিকে সম্মানজনক ফলের দিকেই তাকিয়ে ছিলেন। কিন্তু মহমেডান যে বদলায়নি, এফসি গোয়ার বিরুদ্ধেই প্রমাণিত। সম্মানের লড়াইয়ে এফসি গোয়ার কাছে ২-০ ব্যবধানে হার মহমেডানের।
এদিন দুই ধরনের মানসিকতা নিয়ে মুখোমুখি হয়েছিল মহমেডান ও এফসি গোয়া। মহমেডানের কাছে ছিল সম্মান রক্ষার লড়াই। আর প্লে অফ নিশ্চিত করা এফসি গোয়ার কাছে ছিল সুপার কাপের প্রস্তুতি। ম্যাচের শুরু থেকেই মহমেডানের উপর ঝাঁপিয়ে পড়ে গোয়া। ম্যাচের ৩ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল গোয়ার সামনে। সহজ সুযোগ নষ্ট করেন বরিস সিং। ৩ মিনিট পর আবার সুযোগ নষ্ট ইকের গুয়ারতসেনার। ২ মিনিট পর এবার সুযোগ নষ্ট রাওলিন বোর্জেসের।
প্রথম ৮ মিনিটের ঝড় সামলে মহমেডান আক্রমণে উঠে আসে। ৯ মিনিটের মাথায় কার্লোস ফ্রাঙ্কর সামনে গোলের সুযোগ এসেছিল। কিন্তু তিনি কাজে লাগাতে পারেননি। ম্যাচ যত গড়িয়েছে গোয়ার দাপট তত বেড়েছে। অবশেষে ম্যাচে ৪০ মিনিটে আয়ুশ ছেত্রীর পাশ থেকে গোল করে গোয়াকে এগিয়ে দেন ইকের।
দ্বিতীয়ার্ধেও গোয়ার দাপট অব্যাহত ছিল। ৪৮ মিনিটেই ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল গোয়ার সামনে। মোহনবাগানের প্রাক্তনী আর্মান্দো সাদিকু গোল করতে ব্যর্থ হন। দ্বিতীয়ার্ধেও একের পর এক আক্রমণ তুলে নিয়ে আসতে থাকে গোয়া। গোয়ার আক্রমণের সামনে দিশেহারা হয়ে পড়েছিল মহমেডান রক্ষণ। আক্রমণের চাপ সামলাতে না পেরে অবশেষে ম্যাচের ৮৬ মিনিটে আত্মঘাতী গোল করে বসেন মহমেডানের পদম ছেত্রী। ২-০ ব্যবধানে জিতে মাঠ ছাড়ে গোয়া। ২৩ ম্যাচে 48 পয়েন্টে পৌঁছে গেল মানোলো মার্কেজের দল। অন্যদিকে ২৩ ম্যাচে ১২ পয়েন্টে সবার নিচে মহমেডান।
❤ Support Us







