- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- ফেব্রুয়ারি ২২, ২০২৫
পাঞ্জাব এফসি–কে হারিয়ে প্লে–অফের বৃথা আশা বাঁচিয়ে রাখল ইস্টবেঙ্গল
অঙ্কের বিচারে এখনও ইস্টবেঙ্গলের সামনে প্লে–অফের আশা বেঁচে রয়েছে। যদিও লাল–হলুদ সমর্থকরা প্লে–অফে খেলার স্বপ্ন ছেড়েই দিয়েছেন। ইস্টবেঙ্গলের কাছে আইএসএলের বাকি ম্যাচ শুধুই সম্মানরক্ষার লড়াই। সেই সম্মানরক্ষার লড়াইয়ে পাঞ্জাব এফসি–কে ৩–১ ব্যবধানে হারিয়ে লিগ টেবিলে দশম স্থানে উঠে এল ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলের হয়ে তিনটি গোল করেন দিমিত্রিয়স দিয়ামানতাকোস, মহেশ সিং ও লালচুংনুঙ্গা।
প্রথম পর্বে পাঞ্জাব এফসি–র বিরুদ্ধে ঘরের মাঠে প্রথমার্ধেই ২ গোল পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়ে ৪–২ ব্যবধানে ম্যাচ জিতে নিয়েছিল ইস্টবেঙ্গল। শনিবার দিল্লির মাঠে পাঞ্জাবকে অবশ্য কোনও সুযোগই দেয়নি অস্কার ব্রুজোর দল। ম্যাচের শুরু থেকেই পাঞ্জাবকে চেপে ধরে ইস্টবেঙ্গল। ৮ মিনিটেই গোলের সুযোগ এসে গিয়েছিল ইস্টবেঙ্গলের সামনে। হেক্টর ইউস্তের সেন্টার কোনও রকমে আটকান পাঞ্জাব গোলকিপার। যদিও গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ইস্টবেঙ্গলকে। ১৪ মিনিটে বক্সের বাইরে থেকে বাঁপায়ের দুরন্ত শটে গোল করে দলকে এগিয়ে দেন দিয়ামানতাকোস।
গোলের পর পাঞ্জাবকে আরও চেপে ধরে ইস্টবেঙ্গল। মহেশ সিং, পিভি বিষ্ণু, দিয়ামানতাকোসরা বারবার আক্রমণ তুলে নিয়ে আসছিলেন। ২০ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল দিয়ামানতাকোসের সামনে। মেসি বাওলির কাছ থেকে বল পেয়ে জোরালো শট নিয়েছিলেন দিয়ামানতাকোস। তাঁর সেই শট পোস্টে লেগে প্রতিহত হয়। পরের মিনিটেই ৬ গজ বক্সে সুবিধাজনক জায়গায় বল পেয়েও বাইরে মারেন পিভি বিষ্ণু। ২৪ মিনিটে প্রথম বলার মতো সুযোগ এসেছিল পাঞ্জাবের সামনে পেত্রোসের শট আটকান ইস্টবেঙ্গল গোলকিপার প্রভসুখন গিল। প্রথমার্ধে ১–০ ব্যবধানে এগিয়ে থেকেই মাঠ ছাড়ে ইস্টবেঙ্গল।
দ্বিতীয়ার্ধেও দাপট অব্যাহত ছিল ইস্টবেঙ্গলের। ৪৭ মিনিটে পিভি বিষ্ণুর পাস থেকে ব্যবধান বাড়ান মহেশ সিং। ৫৩ মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে তৃতীয় গোলটি করেন লালচুংনুঙ্গা। ফ্রিকিক থেকে বল পেয়ে বক্সের মাঝখান থেকে জোরালো শটে গোল করেন লাল–হলুদের এই ডিফেন্ডার। ৩ গোলে পিছিয়ে পড়ে কিছুটা মরিয়া হয়ে ওঠে পাঞ্জাব। ৬০ মিনিটে ৬ গজ বক্সের ভেতর থেকে নেওয়া লুকা মাজসেনের হেড দারুণ দক্ষতার সঙ্গে বাঁচান ইস্টবেঙ্গল গোলকিপার প্রভসুখন গিল। পরের মিনিটে অবশ্য দুর্গ রক্ষা করতে পারেননি প্রভসুখন। পেত্রোসের কাছ থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে দুরন্ত শটে গোল করে পাঞ্জাবের হয়ে ব্যবধান কমান এজেকুয়েল ভিদাল। বাকি সময় আর কোনও দলই গোল করতে পারেনি। ২১ ম্যাচে ইস্টবেঙ্গলের পয়েন্ট ২৪।
❤ Support Us






