- বি। দে । শ
- এপ্রিল ৭, ২০২৫
রাতভর হামলা ইজরায়েলের, নিশ্চিহ্ন হওয়ার মুখে গাজা। পাল্টা রকেট হামলা হামাসের
রবিবার গাজা উপত্যকায় ইজরায়েলি হামলায় কমপক্ষে ৩২ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১২ জনেরও বেশি শিশু ও মহিলা। গাজা উপত্যকা প্রায় নিশ্চিহ্ন হওয়ার মুখে। নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইজরায়েলের বর্বরোচিত হামলার এবার পাল্টা জবাব দিয়েছে হামাস। ইজরায়েলের শহর লক্ষ্য করে ১০টি রকেট নিক্ষেপ করেছে। অধিকাংশই অবশ্য লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই প্রতিহত করেছে ইজরায়েলি নিরাপত্তাবাহিনী।
১৮ মার্চ ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ শেষ হয়। তারপর থেকেই ইজরায়েল গাজা উপত্যকায় বিমান ও স্থল হামলা চালাতে শুরু করে। ইজরায়েলের পরিকল্পনা ছিল বাকি যুদ্ধবন্দীদের মুক্তির জন্য হামাসদের নতুন চুক্তিতে রাজি করতে চাপ দেওয়ার জন্য ব্যাপকভাবে হামলা চালিয়ে অঞ্চল দখল করা। এছাড়া এক মাসেরও বেশি সময় ধরে উপকূলীয় অঞ্চলে খাদ্য, জ্বালানি এবং মানবিক সহায়তা আমদানিও বন্ধ করে দিয়েছে ইজরায়েল।
মার্চের শেষ সপ্তাহ থেকে আক্রমণের তীব্রতা বেড়েছে। এমনকি পবিত্র ঈদের দিনও রেহাই পাননি ফিলিস্তিনিরা। গাজা উপত্যকা পুরোপুরি ধ্বংস করার লক্ষ্যে রবিবার রাতভর হামরা চালায় ইরায়েলি বাহিনী। এই হামলায় দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরে একটি তাঁবু এবং একটি বাড়িতে আঘাত হানা হয়েছে। যেখানে ৫ জন পুরুষ, ৫ জন মহিলা এবং ৫ জন শিশু নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন মহিলা সাংবাদিকও রয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরেও হামলা চালায় ইজরায়েলি বাহিনী। গোলাবর্ষণে কমপক্ষে ৪ জন নিহত হয়েছেন। গাজার মধ্যাঞ্চলের দেইর আল–বালাহতে অবস্থিত আল-আকসা শহীদ হাসপাতালে ৭ জনের মৃতদেহ পৌঁছেছে, যার মধ্যে ১টি শিশু এবং ৩ জন মহিলা রয়েছে।
এদিকে, গাজা থেকে ইজরায়েলে রকেট ছুড়েছে হামাস। ইজরায়েলের আশদাদ শহর লক্ষ্য করে এই রকেট হামালা চালানো হয়। এই হামলায় ৩ জন আহত হয়েছেন। হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেড হামলার কথা স্বীকার করেছে। হামাসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, গাজা উপত্যকায় নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইজরায়েলের বর্বর হামলার পাল্টা জবাবে এই রকেট হানা।
ইজরায়েলের সেনাবাহিনী দাবি করেছে, গাজা থেকে ইজরায়েলের শহর লক্ষ্য করে ১০টি রকেট ছুড়েছে হামাসরা। অধিকাংশই প্রতিহত করা হয়েছে। আশকেলন ও গান ইয়াভনি শহরে রকেটের ধ্বংসাবশেষ পড়তে দেখা গেছে। এতে বেশ কিছু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। ৩ জন আহত হয়েছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে হামলা চালায় হামাস। সেই হামলায়১ হাজার ১৪০ জনের মতো নিহত হন। ২০০–র বেশি ইজরায়েলিকে জিম্মি করা হয়।
❤ Support Us








