- এই মুহূর্তে বি। দে । শ
- জুলাই ৭, ২০২৫
নতুন দল গড়লেন মাস্ক, কটাক্ষ ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাত ধরে রাজনৈতিক আঙিনায় পদার্পন। কিছুদিন আগে পর্যন্ত ট্রাম্পের প্রশাসনে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন ইলন মাস্ক। তাঁকে বিশেষ উপদেষ্টার দায়িত্ব দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। মাস্কের পরামর্শ ছাড়া কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেন না ট্রাম্প। এবার ট্রাম্পের রক্তচাপ বাড়িয়ে নতুন রাজনৈতিক দল খুললেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক।
২০২৪ সালে মার্কিন যুক্তরাষ্টের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে বড় রাজনৈতিক দাতা ছিলেন ইলন মাস্ক। নির্বাচনে জিতে আসার পর ট্রাম্প সরকারি পরিচালন ব্যবস্থার দক্ষতা বাড়াতে ‘ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি’–র মতো বিশেষ দফতর তৈরি করে তার প্রধান হিসেবে মাস্ককে নিযুক্ত করেন ট্রাম্প। দায়িত্ব পেয়েই প্রশাসনিক ব্যয় কমাতে অসংখ্য কর্মী ছাঁটাই করা হয়, বন্ধ করে দেওয়া হয় অসংখ্য দফতর। এরপর ট্রাম্পের বিশাল আভ্যন্তরীন ব্যয় পরিকল্পনা নিয়ে তাঁর সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন মাস্ক।
দায়িত্ব পাওয়ার মাস চারেক পর ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি’–র প্রধানের দায়িত্ব থেকে সরে দাঁড়ান মাস্ক। তখন বলেছিলেন, সাময়িকভাবে তিনি এই দায়িত্ব নিয়েছিলেন। কিন্তু কিছুদিন পর থেকেই ট্রাম্পের সঙ্গে তুমুল বিতর্কে জড়িয়ে পড়েন। বিতর্ক চরমে পৌঁছয় ‘বিগ বিউটিফুল বিল’ নিয়ে। এই বিল পাশ করে বিভিন্ন সংস্থাকে অনুদান ও ভর্তুকি দেওয়া বন্ধ করে দেন ট্রাম্প। এই বিলের চরম বিরোধিতা করেন মাস্ক। তাঁর দাবি, এই বিল মার্কিন ঋণে বোঝা বাড়াবে। আইন প্রণেতাদের বিলের বিরুদ্ধে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ট্রাম্পের আরও চক্ষুশূল হন মাস্ক।
কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, নতুন রাজনৈতিক দল গড়তে পারেন এই বিশ্বের এই ধনকুবের। শেষ পর্যন্ত সেই জল্পনাই সত্যি হল। নতুন রাজনৈতিক দল তৈরি করলেন। নাম দিয়েছেন আমেরিকা পার্টি। নতুন দল তৈরির কথা ঘোষণা করে এক্স–এ ইলন মাস্ক লিখেছেন, ‘দেশে কোনও গনতন্ত্র নেই। অপচয় ও দুর্নীতির মাধ্যমে দেশকে দেউলিয়া করার ব্যাপারে যারা এগিয়ে এসেছে, আমরা সেই একদলীয় ব্যবস্থায় বাস করছি। তোমাদের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য আজ আমেরিকা পার্টি গঠিত হয়েছে।’
এদিকে, ইলন মাস্কের নতুন রাজনৈতিক দল গড়ার ঘোষণাকে ‘হাস্যকর’ বলে অভিহিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, এটা বিভ্রান্তির সৃষ্টি করবে। রবিবার নিউজার্সিতে এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি মনে করি তৃতীয় পক্ষ শুরু করা হাস্যকর। রিপাবলিকান পার্টির অসাধারণ সাফল্য রয়েছে। ডেমোক্র্যাটরা তাদের পথ হারিয়ে ফেলেছে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বদা দ্বি-দলীয় ব্যবস্থা ছিল। আমি মনে করি তৃতীয় পক্ষ শুরু করা কেবল বিভ্রান্তি বাড়ায়। তৃতীয় পক্ষ কখনও কাজ করেনি। তিনি নতুন দল তৈরি করে মজা করতে পারেন। কিন্তু আমার মনে হয় এটা হাস্যকর।’
ট্রাম্প আরও বলেন, ‘গত পাঁচ সপ্তাহে ইলন মাস্ককে সম্পূর্ণরূপে পথভ্রষ্ট হতে দেখে আমি দুঃখিত। মূলত ট্রেনের ধ্বংসস্তূপে পরিণত হচ্ছেন। তিনি একটা তৃতীয় রাজনৈতিক দলও তৈরি করেছেন। তৃতীয় দল মার্কিন যুক্তরাষ্ট্রে কখনও সফল হয়নি। তৃতীয় পক্ষের কাজ হল শুধু বিশৃঙ্খলা তৈরি করা।’
❤ Support Us







