- Uncategorized বি। দে । শ
- ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ক্যালিফোর্নিয়ায় রহস্যজনক ভাবে নিখোঁজ ভারতীয় ছাত্র
আমেরিকার University of California, Berkeley-এর এক ভারতীয় ছাত্রের রহস্যজনক নিখোঁজ হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। নিখোঁজ ছাত্রের নাম সাকেথ শ্রীনিবাসাইয়া (২২)। তিনি গত ৯ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, বার্কলি হিলসের Lake Anza-র কাছে তাঁকে শেষবার দেখা গিয়েছিল। বিশ্ববিদ্যালয় থেকে প্রায় এক কিলোমিটার দূরে ওই এলাকায় তাঁর উপস্থিতির খবর মিলেছে। পরে Tilden Regional Park-এর কাছের একটি বাড়ির সামনে থেকে তাঁর ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগের ভিতর থেকে তাঁর ল্যাপটপ এবং পাসপোর্ট পাওয়া গিয়েছে।
সান ফ্রান্সিসকোতে অবস্থিত Consulate General of India, San Francisco এই ঘটনায় দুঃখপ্রকাশ করে একটি এক্স (প্রাক্তন টুইটার) পোস্টে জানায়, সাকেথের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং তাঁকে দ্রুত খুঁজে বের করার চেষ্টা চলছে। সাকেথের বাড়ি কর্নাটকে।
তিনি কেমিক্যাল অ্যান্ড বায়োমলিকিউলার ইঞ্জিনিয়ারিং বিভাগে স্নাতকোত্তরের ছাত্র ছিলেন। তাঁর লিঙ্কডইন প্রোফাইল অনুযায়ী, তিনি ২০২৫ সালে Indian Institute of Technology Madras থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বি.টেক সম্পন্ন করেন।
পুলিশের দেওয়া বর্ণনা অনুযায়ী, সাকেথের উচ্চতা প্রায় ৬ ফুট ১ ইঞ্চি, ওজন প্রায় ১৬০ পাউন্ড। তাঁর চুল ছোট করে কাটা কালো এবং চোখের রং বাদামি।
এই ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে তাঁর সহপাঠীদের মধ্যেও। সাকেথের রুমমেট বনিত সিং তাঁর লিঙ্কডইন প্রোফাইলে একটি পোস্ট করে জানান, তাঁরা অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং পুলিশের সহায়তায় সাকেথকে খোঁজার চেষ্টা চলছে। কেউ তাঁর সম্পর্কে কোনও তথ্য পেলে দ্রুত জানাতে অনুরোধও করেছেন তিনি।
তবে কীভাবে এবং কোন পরিস্থিতিতে সাকেথ নিখোঁজ হলেন, তা এখনও স্পষ্ট নয়। ঘটনাটি ঘিরে তদন্ত চালাচ্ছে স্থানীয় পুলিশ।
❤ Support Us








