Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • আগস্ট ২৫, ২০২৫

উপ-রাষ্ট্রপতি নির্বাচনে কেরল প্রার্থীর ‘জাল স্বাক্ষর’ ঘিরে বিতর্ক

আরম্ভ ওয়েব ডেস্ক
উপ-রাষ্ট্রপতি নির্বাচনে কেরল প্রার্থীর ‘জাল স্বাক্ষর’ ঘিরে বিতর্ক

ভাইস প্রেসিডেন্ট পদে দাঁড়াতে চেয়ে মনোনয়ন জমা দিয়েছিলেন কেরলের এক ‘অজ্ঞাত’ প্রার্থী। কাগজে-কলমে সব ঠিকঠাক। প্রস্তাবক আছেন, সমর্থকও কম নন। সাংসদদের স্বাক্ষর-সহ পুরো প্যানেলই জমা পড়েছে, কিন্তু একটাই সমস্যা, যাঁদের নাম-স্বাক্ষর মনোনয়নে, তাঁরা চেনেনই না ওই প্রার্থীকে !

কেরলের বাসিন্দা, ৪৫ বছর বয়সি জোয়েমন জোসেফ নামের ওই ব্যক্তির মনোনয়নপত্র যাচাই করতে গিয়ে নির্বাচন কমিশনের চোখ কপালে। দেখা যায়, লোকসভা ও রাজ্যসভার মিলিয়ে ২২ জন সাংসদ প্রস্তাবক এবং ২২ জন সমর্থক হিসেবে স্বাক্ষর করেছেন। কিন্তু যখন তাঁদের কাছে যাচাইয়ের জন্য ফোন যায়, একের পর এক সাংসদ জানিয়ে দেন — ‘জোসেফ আবার কে ? চিনিই না !’ মনোনয়নে নাম ছিল রাঘব চাড্ডা, সঞ্জয় সিং, আসাদউদ্দিন ওয়েসি, হরসিমরত কৌর বাদল, সম্বিত পাত্র, স্বাতি মালিওয়ালদের মতো একাধিক সাংসদের। এমনকি, নাম ছিল বর্তমানে জেলবন্দি ওয়াইএসআর কংগ্রেস পার্টির সাংসদ মিঠুন রেড্ডিরও! ফলে সন্দেহ আরও গভীর হয়।

সন্দেহ দানা বাঁধতেই খতিয়ে দেখা হয় মনোনয়নপত্র। এবং যথারীতি, বাতিল। নির্বাচন কমিশন সূত্রে খবর, উপ–রাষ্ট্রপতি নির্বাচনের জন্য এবারে মোট ৪৬ জন প্রার্থী ৬৮টি মনোনয়নপত্র জমা দেন। তার মধ্যে ২৮টি মনোনয়ন প্রথম ধাপেই বাতিল হয়। বাকি মনোনয়ন যাচাই করে দেখা যায়, মাত্র ২টি বৈধ — এনডিএ সমর্থিত সিপি রাধাকৃষ্ণন এবং ‘ইন্ডিয়া’ জোট সমর্থিত বি সুধর্শন রেড্ডির। ‘কেরল ব্যাক্তি’র চমকপ্রদ ঘটনায় ব্যাপক অস্বস্তিতে সংসদ সচিবালয়। কীভাবে এমন জালিয়াতি ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। রাজ্যসভা সচিবালয়ে সমস্ত তথ্য পাঠানো হয়েছে, সেখানে সম্ভবত ফৌজদারি পদক্ষেপও হতে পারে। উপ-রাষ্ট্রপতি নির্বাচন ৯ সেপ্টেম্বর। টানটান প্রতিদ্বন্দ্বিতায় মুখোমুখি রাধাকৃষ্ণন বনাম রেড্ডি। তার আগে মনোনয়নপর্বে এ ‘নাটক’ যেন নির্বাচনের প্রারম্ভেই চমক।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!