- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- অক্টোবর ২৫, ২০২৫
লিয়েন্ডার, দিলীপকে জীবনকৃতি সম্মান
একই মঞ্চে ভারতীয় ক্রীড়া জগতের তিন উজ্জ্বল নক্ষত্র, সৌরভ গাঙ্গুলি, লিয়েন্ডার পেজ ও দিলীপ তিরকে। একজন বিশ্ব ক্রিকেটে শাসন করেছেন, একজন টেনিসে ভারতের মুখ উজ্জ্বল করেছেন, অন্যজন হকিতে। দুই কৃতী লিয়েন্ডার পেজ ও দিলীপ তিরকেকে সম্মান জানাল কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব। শুক্রবার এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এই দুজনকে জীবনকৃতি সম্মান দেওয়া হল। পুরস্কার তুলে দিলেন আর এক কিংবদন্তী সৌরভ গাঙ্গুলি।
এদিন রাজারহাটের ‘আমার ট্রি’–র শান্তিবন ব্যাঙ্কোয়েট লনে কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হল। অনুষ্ঠানে বাংলার বছরের সেরা ক্রীড়াবিদদের সম্মান জানানো হল। লিয়েন্ডার পেজ কলকাতারই ছেলে। দিলীপ তিরকের বাড়ি ওড়িশার সুন্দরগড়ে হলেও একটা সময় কলকাতায় কাটিয়েছেন। এই দুজনকেই একসঙ্গে আজীবন সাফল্যের স্বীকৃতি দেওয়া হল। সম্মানিত হয়ে আপ্লুত দিলীপ তিরকে। সৌরভ গাঙ্গুলির হাত থেকে পুরস্কার নিয়ে তিনি বলেন, ‘কলকাতা থেকে এরকম সম্মান পাব কখনও ভাবিনি। তাও আবার তুলে দিলেন সৌরভ গাঙ্গুলির মতো কিংবদন্তী। আমার জন্ম ওড়িশার সুন্দরগড়ে হলেও কলকাতায় দেড় বছর কাটিয়েছি। ১৯৯১–৯২ সালে সল্টলেকের সাই ক্যাম্পাসে ছিলাম। সেই থেকেই কলকাতার সঙ্গে আমার সম্পর্ক।’
সম্মানিত হয়ে আপ্লুত লিয়েন্ডার পেজও। তিনি বলেন, ‘বেশ কয়েক দশক টেনিস খেলেছি। সবসময় কলকাতা আমার হৃদয়ে। বরাবরই প্রয়াত বাবা ভেস পেজকে অনুসরণ করেছি। বাবা অলিম্পিক পদক জিতেছিলেন। আমিও জিতেছি। বাবাই আমার কাছে আদর্শ। আমি মনে করি, বাংলার প্রত্যেক বাচ্চা অলিম্পিক পদক জিততে পারে। কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব যেভাবে আমাকে সম্মানিত করল তাতে আমি কৃতজ্ঞ।’ সৌরভ গাঙ্গুলিরও প্রশংসা করেন লিয়েন্ডার।
সিনিয়র বিভাগে বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার পেলেন টেবিল টেনিস তারকা ঐহিকা মুখার্জি। জুনিয়র বিভাগে বর্ষসেরা হলেন দাবাড়ু সর্বার্থ মনি। জাতীয় দলে দুরন্ত পারফরমেন্সের জন্য এবছর বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেলেন জোরে বোলার আকাশদীপ। এদের প্রত্যেকের হাতেই স্মারক তুলে দেন সৌরভ গাঙ্গুলি। বর্ষসেরা ফুটবলার হয়েছেন মোহনবাগানের শুভাশিস বসু। সুপার কাপ খেলতে গোয়া যাওয়ায় এদিন তিনি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির থাকতে পারেননি। বর্ষসেরা ফুটবলার শুভাশিস বসু। মহিলাদের বিভাগে সঙ্গীতা বাসফোর। সেরা উঠতি তারকা ফুটবলার রবি হাঁসদা। বর্ষসেরা কোচ হলেন কিবু ভিকুনা।
পুরুষদের বিভাগে বছরের সেরা অ্যাথলিট শতায়ু মণ্ডল, মহিলাদের বিভাগে বর্ষসেরা অ্যাথলিট মৌমিতা মণ্ডল। বর্ষসেরা জিমন্যাস্ট প্রতিষ্ঠা সামন্ত। বর্ষসেরা শ্যুটার অভিনব সাউ। বর্ষসেরা রোয়ার শ্বেতা ব্রহ্মচারী। বর্ষসেরা খো খো প্লেয়ার সুমন বর্মন। বর্ষসেরা সাঁতারু সানিথি মুখোপাধ্যায়। বর্ষসেরা হকি প্লেয়ার অভয় এক্কা। বর্ষসেরা ভবিবল প্লেয়ার কুণাল দাস। এদিন অনুষ্ঠানে সৌরভ গাঙ্গুলি ছাড়াও হাজির ছিলেন ‘আমার ট্রি’–র কর্ণধার প্রবীর রায়চৌধুরি, দমকলমন্ত্রী সুজিত বসু, রাজারহাটের বিধায়ক তাপস চ্যাটার্জিসহ আরও অনেক গুণী ব্যক্তিরা।
❤ Support Us







