- এই মুহূর্তে দে । শ
- আগস্ট ১০, ২০২৬
বামেদের আইন অমান্য ও ‘জেল ভরো’ কর্মসূচিতে উত্তেজনা, মীনাক্ষী মুখার্জি-সহ একাধিক নেতানেত্রী গ্রেফতার
কেন্দ্র ও রাজ্য সরকারের শ্রমিক-কৃষক বিরোধী নীতি, কাজের দাবি, শ্রম কোড বাতিল এবং সামাজিক সুরক্ষার দাবিতে রাজ্যব্যাপী আইন অমান্য ও ‘জেল ভরো’ কর্মসূচির ডাক দিয়েছে বামেরা। সে কর্মসূচিকে কেন্দ্র করে সোমবার উত্তপ্ত হয়ে উঠল আসানসোল। মীনাক্ষী মুখোপাধ্যায়-সহ একাধিক বাম নেতানেত্রীকে গ্রেফতার করে পুলিশ।
আসানসোলের শতাব্দী পার্ক থেকে জিটি রোড ধরে এদিন বিশাল মিছিল শুরু করেন বাম কর্মী-সমর্থকেরা। মিছিল ভগৎসিং মোড়ে পৌঁছতেই পুলিশের তৈরি করা প্রথম ব্যারিকেড ভেঙে এগিয়ে যান আন্দোলনকারীরা। এরপর পুলিশ লাইনের কাছে দ্বিতীয় ব্যারিকেডও ভেঙে ফেলা হয়। শেষ পর্যন্ত দক্ষিণ পুলিশ ফাঁড়ির কাছে বিশাল পাঁচিলের মতো করে তৈরি তৃতীয় ব্যারিকেডের সামনে আটকে যায় মিছিল। সেখানেই পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। পাশাপাশি প্রস্তুত রাখা হয় জলকামান ও দমকল বাহিনী। ব্যারিকেড ঘিরে দীর্ঘক্ষণ উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়।
এদিনের হাই-ভোল্টেজ কর্মসূচিতে সিপিএম রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য পার্থ মুখোপাধ্যায়ের পাশাপাশি সরাসরি নেতৃত্বে ছিলেন সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখোপাধ্যায়। ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে মাইকে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তোলেন তিনি। মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, দেশের মানুষ ও সংবিধানকে রক্ষা করার লড়াইয়ে গোটা দেশজুড়ে শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর এবং বস্তিবাসীরা প্রতিবাদে সামিল হয়েছেন। তাঁর অভিযোগ, কেন্দ্রের মোদি সরকার এবং বর্তমান রাজ্য সরকারের শ্রমিক-কৃষক বিরোধী নীতির ফল ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষকে।
রেশন থেকে মানুষের নাম বাদ যাওয়া, হকার উচ্ছেদ, কুলিয়ারি ও স্টিল প্ল্যান্ট বন্ধ হয়ে যাওয়া, বিদ্যুতের বিল বৃদ্ধি এবং মহিলাদের উপর ক্রমবর্ধমান অত্যাচার—একাধিক ইস্যুতে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে বলেও দাবি করেন তিনি। তাঁর বক্তব্য, এই ক্ষোভ এখন চরম সীমায় পৌঁছেছে। পুলিশি পাহারা দিয়ে মানুষের এই জনরোষ আটকানো সম্ভব নয়।
এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। শেষ পর্যন্ত মীনাক্ষী মুখোপাধ্যায়-সহ শীর্ষ বাম নেতানেত্রীদের গ্রেফতার করে পুলিশ। তাঁদের দুটি বাস এবং একটি প্রিজন ভ্যানে তুলে থানায় নিয়ে যাওয়া হয়। শ্রমিক-কৃষকের দাবি, কাজের সুযোগ, শ্রম কোড বাতিল এবং সামাজিক সুরক্ষার মতো একাধিক ইস্যুকে সামনে রেখে বামেদের এই কর্মসূচিকে ঘিরে এদিন কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় আসানসোলের পুলিশ লাইন সংলগ্ন এলাকা।
❤ Support Us






