Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • মার্চ ৯, ২০২৩

চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শেষ মেসি, এমবাপেদের।দ্বিতীয় পর্বেও বাজিমাত বায়ার্ন মিউনিখের

আরম্ভ ওয়েব ডেস্ক
চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শেষ মেসি, এমবাপেদের।দ্বিতীয় পর্বেও বাজিমাত বায়ার্ন মিউনিখের

চিত্র: সংবাদ সংস্থা

এবছর আর চ্যাম্পিয়ন্স লিগে দেখা যাবে না লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে, নেইমার জুনিয়রদের। পিএসজি–র বিরুদ্ধে প্রি–কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বে জয়ের পর দ্বিতীয় পর্বেও বাজিমাত বায়ার্ন মিউনিখের। দ্বিতীয় পর্বে ২-০ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল বায়ার্ন। দুই পর্ব মিলিয়ে জিতল ৩–০ ব্যবধানে। এই নিয়ে টানা দুই মরশুম চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকে বিদায় নিল পিএসজি।

প্রথম পর্বের ম্যাচে পিএসজি–র ঘরের মাঠে ১–০ ব্যবধানে জিতেছিল বায়ার্ন মিউনিখ। সেই ম্যাচে গোল করেছিলেন পিএসজি–রই প্রাক্তন ফুটবলার কিংসলে কোম্যান। দ্বিতীয় পর্বের ম্যাচ গোলশূন্য ড্র করলেই চলত বায়ার্ন মিউনিখের। অন্যদিকে, পিএসজি–র দরকার ছিল একের বেশি ব্যবধানে জয়। কিন্তু লিওনেল মেসি, কিলিয়ান এমবাপেরা গুরুত্বপূর্ণ ম্যাচে নিজেদের মেলে ধরতে ব্যর্থ। দ্বিতীয় পর্বের ম্যাচে বায়ার্নকে জয় এনে দিলেন পিএসজি–র প্রাক্তন ফুটবলার চুপো মোতিং ও সার্জ ন্যাব্রি।

যদিও দ্বিতীয় পর্বের ম্যাচে শুরুটা খারাপ করেননি পিএসজি। প্রথমার্ধে যথেষ্ট ভাল ফুটবলই উপহার দিয়েছিলেন লিওনেল মেসি, কিলিয়ান এমবাপেরা। তবে গোলের সুযোগ পেয়েও দুজনেই কাজে লাগাতে পারেননি। প্রথমার্ধে ম্যাচের ফল ছিল গোলশূন্য। চোটের জন্য এই ম্যাচে ছিলেন না নেইমার। তার ওপর ম্যাচের ৩৬ মিনিটে কোমরে চোট পেয়ে মাঠ ছাড়েন পিএসজি অধিনায়ক মার্কুনহোস। এতে সমস্যা আরও বেড়ে যায়। তা সত্ত্বেও ২৪ মিনিটে নুনো মেন্ডেসের কাছ থেকে পেনাল্টি বক্সে ৬ গজের মধ্যে বল পেয়ে গিয়েছিলেন মেসি। তাঁর শট বায়ার্নের এক ডিফেন্ডারের গায়ে লেগে ফিরে আসে। দ্বিতীয়বার শট নিলে আটকে দেন বায়ার্ন গোলকিপার ইয়ান সোমার। জটলার মধ্যে আবার বল পেয়ে গিয়েছিলেন মেসি। তৃতীয় প্রচেষ্টাতেও তিনি জালে বল রাখতে পারেননি। ৩৭ মিনিটে আরও একটা গোলের সুযোগ এসে গিয়েছিল পিএসজি–র কাছে। কিন্তু কাজে লাগাতে পারেননি ভিতোনিয়া।
দ্বিতীয়ার্ধে প্রথম সুযোগ পেয়ে গিয়েছিল বায়ার্ন। মুসিয়ালার শট আটকে দেন পিএসজি গোলকিপার ডোনারুম্মা। অবশেষে ৬১ মিনিটে এগিয়ে যায় বায়ার্ন। গোয়েৎকার কাছ থেকে বল পেয়ে জালে পাঠান চুপো মোতিং। পিছিয়ে পড়ার পর সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল পিএসজি। কিন্তু র‌্যামোস সেই সুযোগ কাজে লাগাতে পারেননি। উল্টে ৮৯ মিনিটে পরিবর্তন হিসেবে মাঠে নামা ন্যাব্রি গোল করে বায়ার্নের শেষ আটে যাওয়া নিশ্চিত করেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!