- মা | ঠে-ম | য় | দা | নে
- আগস্ট ৭, ২০২৩
আবার ম্যাজিক, জোড়া গোল করে ইন্টার মায়ামিকে লিগস কাপের কোয়ার্টার ফাইনালে তুললেন মেসি
মেজর লিগ সকারে সাফল্য পাবেন তো লিওনেল মেসি? পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে সই করার পর তাঁকে নিয়ে অনেকেরই সন্দেহ ছিল। মেসির মতো ফুটবলারদের কোথাও মানিয়ে নিতে সমস্যা হয় না। প্রমাণ করেই চলেছেন আর্জেন্টিনার এই ফুটবল তারকা। আবার জোড়া গোল মেসির। লিগস কাপে ৪ ম্যাচে ৭ গোল। এফসি ডালাসকে ৫–৩ ব্যবধানে হারিয়ে লিগস কাপের কোয়ার্টার ফাইনালে উঠল ইন্টার মায়ামি। নির্ধারিত সময়ে খেলার ফল ছিল ৪–৪।
ম্যাচের ৬ মিনিটেই জর্ডি আলবার পাস ধরে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে গোল করে মায়ামিকে এগিয়ে দিয়েছিলেন মেসি। ৩৭ মিনিটে ডালাসের হয়ে সমতা ফেরান ফ্যাকুন্ডো কুইগন। প্রথমার্ধের একেবারে শেষ লগ্নে গোল করে ডালাসকে এগিয়ে দেন বার্নার্ড কামুঙ্গো। প্রথমার্ধে ২–১ ব্যবধানে এগিয়েছিল এসসি ডালাস।
দ্বিতীয়ার্ধেও ডালাসের আধিপত্য ছিল। ৬০ মিনিটে ভেলাস্কো গোল করে ৩–১ ব্যবধানে এগিয়ে দেন ডালাসকে। মিনিট পাঁচেক পর মেসির পাস থেকে ইন্টার মায়আমির হয়ে ব্যবধান কমান বেঞ্জামিন ক্রেমাশ্চি। ৬৯ মিনিটে রবার্ট টেলরের আত্মঘাতী গোলে ৪–২ ব্যবধানে এগিয়ে যায় ডালাস। শেষদিকে মরিয়া হয়ে ওঠে মায়ামি। ৮০ মিনিটে মেসির ফ্রিকিক বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালে বল পাঠান ডালাসের মার্কো ফারফান। ৮৫ মিনিটে দুরন্ত ফ্রিকিক থেকে গোল করে সমতা ফেরান মেসি।
অতিরিক্ত সময়ে কোনও দল গোল করতে পারেনি। ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে। টাইব্রেকারে বাজিমাত ইন্টার মায়ামির। টাইব্রেকারেও গোল করেন মেসি। ডালাসের প্যাক্সটন পমিকল বাইরে মারলে শেষ শটে গোল করে দলকে মায়মিকে কোয়ার্টার ফাইনালে তোলেন ক্রেমাশ্চি।
❤ Support Us








