- এই মুহূর্তে দে । শ
- নভেম্বর ১৫, ২০২৫
মহুয়া মৈত্রের ‘প্রশ্ন ঘুষ’ মামলা: চার সপ্তাহের মধ্যে সিবিআইকে চার্জশিট জমা দেওয়ার নির্দেশ লোকপালের
কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র আবারও খবরের শিরোনামে। উঠল নতুন বিতর্ক। ‘ঘুষের বিনিময়ে সংসদে প্রশ্ন তোলা’ মামলায় দেশীয় অ্যান্টি-কোরাপশন সংস্থা লোকপাল সিবিআইকে চার্জশিট জমা দেওয়ার অনুমতি দিয়েছে। নির্দেশনা অনুযায়ী, আগামী চার সপ্তাহের মধ্যে সিবিআই আদালতে চার্জশিট দাখিল করবে এবং তার একটি কপি লোকপালের দফতরেও জমা দিতে হবে। তবে আপাতত মহুয়ার বিরুদ্ধে সরাসরি আইনি পদক্ষেপ শুরু করা হবে না। লোকপালের বেঞ্চ জানিয়ে দিয়েছে, আদালত অভিযোগ গ্রহণ করলে তার পরেই প্রসিকিউশনের অনুমোদন দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।
গত বছর নিশিকান্ত দুবেকের অভিযোগের ভিত্তিতে মহুয়ার বিরুদ্ধে লোকপালের নির্দেশে তদন্ত শুরু হয়। সিবিআই ৬ মাস ধরে তদন্ত চালিয়ে রিপোর্ট জমা দেয়। তদন্তে ২৬ জন সাক্ষীর সঙ্গে কথা বলা হয়েছে এবং ৩৮টি প্রমাণপত্র সংগ্রহ করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, মহুয়া মোট ৬১টি প্রশ্ন তুলেছিলেন, যার মধ্যে ৩টি সরাসরি এবং বাকিগুলো অনলাইনে পোস্ট করা হয়েছিল। অভিযোগ অনুযায়ী, দুবাইয়ের শিল্পপতি দর্শন হীরানন্দানি মহুয়ার সংসদীয় লগইন ব্যবহার করে প্রশ্ন পোস্ট করতেন। যদিও মহুয়া প্রথম থেকেই ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করে আসছেন। এ ঘটনার পর ৮ ডিসেম্বর এথিক্স কমিটির সুপারিশে মহুয়ার সাংসদ পদ খারিজ করা হয়। পরে তিনি আবার কৃষ্ণনগর কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে সংসদে যোগ দেন।
মহুয়া অভিযোগ করেছেন, সিবিআই যে রিপোর্ট লোকপালের কাছে জমা দিয়েছে তা মিডিয়ায় ফাঁস হয়ে গিয়েছে। তাঁর আইনজীবী জানিয়েছেন, ‘রিপোর্ট জমা দেওয়ার সঙ্গে সঙ্গে তা প্রকাশিত হওয়া গোপনীয়তা লঙ্ঘন।’ আদালত এই অভিযোগ খতিয়ে দেখে কঠোর গোপনীয়তা বজায় রাখার নির্দেশ দিয়েছেন। এদিনের লোকপালের আদেশে বলা হয়েছে, ‘অভিযুক্ত রেপুটেড পাবলিক সার্ভেন্টের বিরুদ্ধে চার্জশিট দাখিলের আবেদনই এ মুহূর্তে প্রধান বিবেচনার বিষয়। প্রসিকিউশন বা পরবর্তী ধাপ অনুমোদনের দাবি এখন উপযুক্ত নয়।’ ধারা ২০(৭)(এ) ও ২৩(১) অনুযায়ী এই নির্দেশ দেওয়া হয়েছে। এবার, ৪ সপ্তাহের মধ্যে চার্জশিট জমা হলে আদালত সিদ্ধান্ত নেবে অভিযোগ গ্রহণ হবে কি না। তারপরই লোকপাল পরবর্তী পদক্ষেপ নেবে। অর্থাৎ মহুয়া মৈত্রের ‘প্রশ্ন ঘুষ’ মামলার ভবিষ্যত সিবিআই-এর চার্জশিট জমা করবার উপর নির্ভর করছে।
❤ Support Us







