Advertisement
  • Uncategorized এই মুহূর্তে দে । শ
  • অক্টোবর ১৫, ২০২৪

মহারাষ্ট্র, ঝাড়খন্ডে বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ করল কমিশন, বাংলায় ৬ আসনে উপনির্বাচন ১৩ নভেম্বর

আরম্ভ ওয়েব ডেস্ক
মহারাষ্ট্র, ঝাড়খন্ডে বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ করল কমিশন, বাংলায় ৬ আসনে উপনির্বাচন ১৩ নভেম্বর

মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনের পাশাপাশি ১৩ এবং ২০ নভেম্বর দেশের ৪৭টি বিধানসভা কেন্দ্র এবং তিনটি লোকসভা কেন্দ্রে হবে উপনির্বাচন । ফলাফলও ঘোষিত হবে ২৩ নভেম্বর । পশ্চিমবঙ্গের ছটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে । মঙ্গলবার দুপুরে দিল্লির বিজ্ঞান ভবনে একটি সাংবাদিক বৈঠক করে ভোটের নির্ঘণ্ট প্রকাশ করলেন কমিশনের আধিকারিকেরা ।

নির্বাচন কমিশন জানিয়েছে, একদফায় নির্বাচন হবে মহারাষ্ট্রে । ২০ নভেম্বর হবে ভোট । ঝাড়খণ্ডে ভোট দুই দফায় । ১৩ ও ২০ নভেম্বর । একই সঙ্গে পশ্চিমবঙ্গে ৬টি বিধানসভা আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা করা হয় । নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ১৩ নভেম্বর তালডাংরা, সিতাই, নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর ও মাদারিহাট এই ছয় কেন্দ্রে উপনির্বাচন হবে ।

ঝাড়খণ্ডে মোট ৮২ আসনে বিধানসভা নির্বাচন। মোট ভোটার প্রায় আড়াই কোটি। ২০১৯ সালের বিধানসভা নির্বাচনে ৪৭টি আসনে জয়লাভ করেছিল হেমন্ত সোরেনের ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। অন্যদিকে মহারাষ্ট্রের ২৮৮ আসনের মধ্যে ১৬১টিতেই গতবার জয়লাভ করেছিল বিজেপি ও অবিভক্ত শিব সেনার জোট । জোট ভেঙে যাওয়ায় সরকার গঠন করে শিব সেনা, কংগ্রেস ও এনসিপি । ২০২৩ এর পর মহা বিকাশ আঘারির পতন হয়,জোট বাঁধে বিজেপি, শিব সেনার শিণ্ডে শিবির ও এনসিপির অজিত পওয়ার শিবির। নতুন মুখ্যমন্ত্রী হন একনাথ শিণ্ডে । উপমুখ্যমন্ত্রী শরদ পওয়ারের ভাইপো অজিত পওয়ার।

নির্বাচনের কমিশনের তরফে এদিন জানানো হয়েছে, ঝাড়খণ্ডের প্রথম দফার ভোটে মনোনয়ন জমা দেওয়ার তারিখ ২৫ অক্টোবর । দ্বিতীয় দফার ভোটে মনোনয়ন জমার শেষ তারিখ ২৯ অক্টোবর । নাম প্রত্যাহারের শেষ তারিখ ৩০ অক্টোবর ও ১ নভেম্বর । মহারাষ্ট্রে মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ২৯ অক্টোবর । নাম প্রত্যাহারের ক্ষেত্রে শেষ তারিখ ৪ নভেম্বর।

একই সঙ্গে কেরলের ওয়ানাড় এবং মহারাষ্ট্রের নন্দের লোকসভা আসনে উপনির্বাচন হবে । যদিও পশ্চিমবঙ্গের বসিরহাট লোকসভা আসনে কবে নির্বাচন তা এখন জানায়নি নির্বাচন কমিশন ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!