- এই মুহূর্তে দে । শ
- অক্টোবর ৭, ২০২৬
কলকাতা পুরসভায় বড়ো রদবদল, বিল্ডিং বিভাগের ডিজি পদ থেকে সরলেন উজ্জ্বল সরকার
বেআইনি নির্মাণকাণ্ডে অভিযুক্ত কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার জামিন পেয়েছেন। আর সেই দিনেই কলকাতা পুরসভার শীর্ষ পদগুলিতে বড়সড় রদবদল ঘিরে শুরু হয়েছে জোর আলোচনা। বদলির তালিকায় রয়েছেন কলকাতা পুরসভার ডিজি (বিল্ডিং) উজ্জ্বল সরকারও। তাঁকে বিল্ডিং বিভাগের দায়িত্ব থেকে সরিয়ে তুলনামূলক কম গুরুত্বপূর্ণ উত্তরণ বা বস্তি বিভাগের ডিজি করা হয়েছে।
গত ২৪ জুন তারাতলায় নির্মীয়মাণ একটি গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় ১৭ জনের মৃত্যু হয়। মে মাসে রাজ্যে সরকার পরিবর্তনের পর ঘটে যাওয়া এই ঘটনায় ব্যাপক চাপে পড়ে কলকাতা পুরসভা। ঘটনার তদন্তে নেমে প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হয়।
তবে কেবল কালীচরণকে গ্রেফতার করেই বেআইনি নির্মাণ নিয়ে কলকাতা পুরসভার দায় শেষ করা যায় কি না, তা নিয়ে তখনই প্রশ্ন উঠেছিল। তারাতলার ঘটনার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলকাতা পুরসভা-সহ বিভিন্ন এলাকায় নতুন নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেন। এর পর থেকেই পুরসভার অন্দরে ডিজি (বিল্ডিং) উজ্জ্বল সরকারকে সরানোর দাবি উঠতে শুরু করে।
পুরসভার একটি সূত্রের দাবি, উজ্জ্বল সরকার ডিজি (বিল্ডিং) পদে থাকাকালীন বেআইনি নির্মাণ সংক্রান্ত অভিযোগের সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বেড়েছিল। যদিও দীর্ঘদিন ধরেই তিনি ওই পদে বহাল ছিলেন। ২০২৪ সালের মার্চে মেয়রের বিধানসভা এলাকা কলকাতা বন্দরে একটি নির্মীয়মাণ বেআইনি বাড়ি ভেঙে পড়ে ১৩ জনের মৃত্যু হয়েছিল। সেই ঘটনায় কলকাতা পুরসভার তিন জন ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করা হলেও ডিজি (বিল্ডিং)-এর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি।
তারাতলার ঘটনার পর কালীচরণ গ্রেফতার হওয়ায় পুরসভার আধিকারিক মহলে জল্পনা শুরু হয়, এ বার হয়তো ডিজি (বিল্ডিং)-এর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে। কিন্তু সেই সময় তেমন কোনও পদক্ষেপ হয়নি। সরকার পরিবর্তনের পরও প্রায় পাঁচ মাস নিজের পদেই বহাল ছিলেন উজ্জ্বল সরকার।
শেষ পর্যন্ত মঙ্গলবার, কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের জামিনের দিনেই বিল্ডিং বিভাগের ডিজি পদ থেকে সরিয়ে দেওয়া হল উজ্জ্বল সরকারকে। তাঁকে উত্তরণ বা বস্তি বিভাগের ডিজির দায়িত্ব দেওয়া হয়েছে। যদিও এই বদলির কারণ নিয়ে কলকাতা পুরসভার পক্ষ থেকে কোনও নির্দিষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি।
পুরসভার এক আধিকারিকের কথায়, ‘‘কাকে কেন বদলি করা হয়েছে, তা আমরা বলতে পারব না। সবই রুটিনমাফিক করা হয়েছে।’’
এ দিকে, কলকাতা পুরসভার প্রশাসনিক রদবদলের তালিকায় আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে। ডিজি (মেকানিক্যাল) বিষ্ণু দাস মণ্ডলকে অ্যাসফাল্টামের দায়িত্ব থেকে সরিয়ে অতিরিক্ত ভাবে কারপুল দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে। সড়ক বিভাগের ডিজি করা হয়েছে শুভজিৎ দাশগুপ্তকে।
উদ্যান বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে দুর্জয় সরকারকে। ওই বিভাগ থেকে শান্তনু রায়কে সরিয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে পাঠানো হয়েছে। বাজার বিভাগের কার্যনির্বাহী ডিজি হয়েছেন মৃদুল মণ্ডল। মৃণালকান্তি মণ্ডলকে পাঠানো হয়েছে কেএমসি-শার্পে। অন্য দিকে, বিল্ডিং বিভাগের কার্যনির্বাহী ডিজি করা হয়েছে বিপ্লব পালকে।
কালীচরণের জামিন এবং একই দিনে কলকাতা পুরসভার গুরুত্বপূর্ণ পদগুলিতে এই রদবদল—দুই ঘটনার সময়ের মিলকে ঘিরেই এখন পুরসভার অন্দরে আলোচনা চলছে। তবে পুরসভা কর্তৃপক্ষের বক্তব্য, এই সমস্ত বদলি রুটিন প্রশাসনিক প্রক্রিয়ার অংশ।
❤ Support Us







