Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • আগস্ট ৩, ২০২৬

মালদহে পুলিশের রাতভর অভিযান, উদ্ধার ২.৪০ কোটি টাকা, ৯ হাজার নিষিদ্ধ কাশির সিরাপ। গ্রেফতার ৩

আরম্ভ ওয়েব ডেস্ক
মালদহে পুলিশের রাতভর অভিযান, উদ্ধার ২.৪০ কোটি টাকা, ৯ হাজার নিষিদ্ধ কাশির সিরাপ। গ্রেফতার ৩

মালদহের মঙ্গলবাড়ি এলাকায় রবিবার গভীর রাত থেকে সোমবার ভোর পর্যন্ত যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নগদ অর্থ, নিষিদ্ধ কাশির সিরাপ, সোনা ও অন্যান্য সামগ্রী উদ্ধার করল পুলিশ। রাতভর চলা এ অভিযানে নগদ টাকার পরিমাণ এতটাই বেশি ছিল যে, তা গোনার জন্য বিশেষ টাকা গণনার যন্ত্র আনতে হয়। ভোর ৪টা পর্যন্ত গণনা শেষে উদ্ধার হওয়া নগদের পরিমাণ দাঁড়ায় ২ কোটি ৪০ লক্ষ ৯৭ হাজার ৩৮০ টাকা। একই অভিযানে ৯ হাজার বোতল নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার করা হয়েছে। তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম পিন্টু সরকার (২৮), গোপাল চাকি (৩২) এবং সুশান্ত হালদার (৩০)। তিন জনেরই বাড়ি মালদহ থানা এলাকায়। নিষিদ্ধ সিরাপের অবৈধ কারবারের সঙ্গে তাঁদের যোগ রয়েছে বলে অভিযোগ। সোমবার তাঁদের আদালতে তোলা হতে পারে।

রবিবার রাতে মালদহ ও দক্ষিণ দিনাজপুর পুলিশের স্পেশাল অপারেশন টিম যৌথভাবে মঙ্গলবাড়ির একটি বাড়িতে হানা দেয়। সেখানে একটি ঘর থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার হয়। নগদের পাশাপাশি ২০ গ্রাম সোনা এবং একটি ল্যাপটপও বাজেয়াপ্ত করা হয়েছে। টাকার পরিমাণ কোটির গণ্ডি ছাড়িয়ে যেতে পারে বলে অনুমান করে রাতেই টাকা গোনার যন্ত্র আনা হয়। দীর্ঘ সময় ধরে গণনার পর মোট ২ কোটি ৪০ লক্ষ ৯৭ হাজার ৩৮০ টাকা উদ্ধার হয়েছে। অভিযানের পাশাপাশি মালদহের খইহট্টা এলাকার একটি গুদামঘরেও তল্লাশি চালায় পুলিশ। সেখান থেকে ৯ হাজার বোতল নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লক্ষ ১৬ হাজার টাকা। অভিযোগ, ওই সিরাপগুলিতে নিষিদ্ধ মাদকজাতীয় উপাদান ছিল।

তদন্তকারীরা জানিয়েছেন, গত মাসে দক্ষিণ দিনাজপুরের মেহেন্দ্রিপাড়া এলাকা থেকে ১,৫০০ বোতল নিষিদ্ধ সিরাপ উদ্ধার করা হয়েছিল। সেই ঘটনায় চার জনকে গ্রেফতার করা হয়। তাঁদের জিজ্ঞাসাবাদ থেকেই মালদহে এই বড় চক্রের সন্ধান মেলে। রবিবার রাতে ধৃতদের নিয়ে এসে অভিযান চালানো হয়, যার জেরেই মঙ্গলবাড়িতে আরও বড় মাদকচক্রের হদিস পাওয়া যায়। তবে এ চক্রের মূল হোতা কে, কার নির্দেশে এবং কীভাবে প্রশাসনের নজর এড়িয়ে দীর্ঘদিন ধরে এই অবৈধ ব্যবসা চলছিল, তা এখনও স্পষ্ট নয়। তদন্তকারীরা ধৃতদের জিজ্ঞাসাবাদ করে গোটা চক্রের মূল মাথা পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করছেন।

এ প্রসঙ্গে বুনিয়াদপুরের এসডিপিও শুভতোষ সরকার বলেন, ‘তিন জনকে গ্রেফতার করা হয়েছে। প্রায় ২ কোটি ৪০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। মাদকদ্রব্য রাখার অভিযোগে তাঁদের গ্রেফতার করা হয়েছে। নগদ টাকা, সোনা এবং সিরাপ বাজেয়াপ্ত করা হয়েছে। আরও কেউ এই চক্রের সঙ্গে জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে।’ রাতভর পুলিশের অভিযানে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘গত রাত থেকেই আমরা চিন্তায় আছি। কিছুই বুঝতে পারছি না। শুনেছি এখানে অবৈধ কাজ চলত। ওটা গুদাম না গ্যারাজ, সেটাও ঠিক জানতাম না। এত নিষিদ্ধ সিরাপ সেখানে মজুত ছিল, কোনো দিন টের পাইনি।’

উল্লেখ্য, কয়েক দিন আগেই বীরভূমে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের এক আত্মীয়ের বাড়ি থেকে প্রায় সাড়ে ২৮ কোটি টাকা নগদ এবং ১৫ কেজি সোনা উদ্ধার হয়েছিল। সেই ঘটনার টাকার উৎস নিয়েও তদন্ত চলছে। টুলু মণ্ডল এখনও অধরা। তার মধ্যেই মালদহে কোটি কোটি টাকা ও বিপুল পরিমাণ নিষিদ্ধ সিরাপ উদ্ধারের ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!