Advertisement
  • বি। দে । শ
  • ডিসেম্বর ২২, ২০২৫

ইন্দোনেশিয়ার জাভাতে ভয়াবহ বাস দুর্ঘটনা। ১৬ নিহত, আহত বহু

আরম্ভ ওয়েব ডেস্ক
ইন্দোনেশিয়ার জাভাতে ভয়াবহ বাস দুর্ঘটনা। ১৬ নিহত, আহত বহু

ইন্দোনেশিয়ার জাভাতে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন। আহত ১৮ জন। ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভাতে। সোমবার মধ্যরাতের ঠিক পরে একটা যাত্রীবাহী বাস দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার সময় বাসের অধিকাংশ যাত্রীই গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। বাসটি একটা টোল রোডে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং কংক্রিটের ডিভাইডারে ধাক্কা খেয়ে পাশের দিকে উল্টে যায়।

৩৪ জন যাত্রী নিয়ে আন্তঃপ্রদেশ বাসটি রাজধানী জাকার্তা থেকে দেশের প্রাচীন রাজকীয় শহর যোগকার্তায় যাচ্ছিল। মধ্য জাভার সেমারাং শহরের ক্রাপিয়াক টোল ওয়েতে একটা র‌্যাম্পে প্রবেশ করার সময় কংক্রিটের দেওয়ালে ধাক্কা খেয়ে উল্টে যায়। জোরালো ধাক্কায় বেশ কয়েকজন বাস থেকে ছিটকে যান। অনেকেই বাসের নীচে আটকে পড়েন। দুর্ঘটনার প্রায় ৪০ মিনিট পর পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছয়।

ঘটনাস্থলেই ৬ জন যাত্রী মারা যান। ১০ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ১৮ জন যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকারী দলের প্রধান বুদিওনো সংবাদমাধ্যমকে বলেন, ‘‌বাসটি র‌্যাম্পের দেওয়ালে ধাক্কা খাওয়ার পর উল্টে যায়। বেশ কয়েকজন যাত্রী ছিটকে পড়েন এবং বাসের বডির সঙ্গে আটকে যান। ৬ জন ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে নিয়ে যাওয়ার পর আরও ১০ জন মারা যান। ১৮ জন আহত ব্যক্তিকে কাছাকাছি দুটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, যাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর এবং ১৩ জনের অবস্থা স্থিতিশীল।’‌

ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, হলুদ বাসটি পাশে উল্টে পড়ে রয়েছে এবং জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার কর্মী, পুলিশ এবং পথচারীরা বাসটিকে ঘিরে রেখেছে। অ্যাম্বুলেন্সগুলি দুর্ঘটনাস্থল থেকে নিহত এবং আহতদের সরিয়ে নিয়ে যাচ্ছে। পুলিশ এবং তদন্তকারী সংস্থাগুলি দুর্ঘটনার বিষয়টি তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে যে, বাসটি খুব দ্রুত গতিতে যাচ্ছিল এবং রাস্তার বাধার সঙ্গে ধাক্কা খায়। এর ফলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং রাস্তা থেকে পড়ে যায়। দুর্ঘটনায় বাসটির যথেষ্ট ক্ষতি হয়। উল্লেখযোগ্য যে, খারাপ রাস্তার অবস্থা এবং দ্রুতগতির যানবাহনের কারণে ইন্দোনেশিয়ায় প্রায়শই এই ধরণের সড়ক দুর্ঘটনার খবর পাওয়া যায়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!