- এই মুহূর্তে দে । শ
- ফেব্রুয়ারি ২১, ২০২৫
বসন্তের শুরুতে অকাল ‘বর্ষা’। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গজুড়ে বৃষ্টিপাতের পুর্বাভাস
শীত শেষ হতে না হতেই বাংলাজুড়ে ঝড়বৃষ্টির ঘনঘটা। বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টিপাত হয়েছে। নেমেছে তাপমাত্রার পারদ। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গজুড়ে বৃষ্টিপাতের পুর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের, ‘হলুদ সতর্কতা’ জারি ।
বসন্তের শুরুতেই ঝড়বৃষ্টির শুরু হয়েছে বাংলায়। বৃহস্পতিবার সকাল থেকেই আকাশে ছিল মেঘের আনাগোনা। বেলা বাড়তেই মনে হয়, হঠাৎ করে যেন সন্ধ্যা ঘনিয়ে এসেছে। শুরু হয় ঝোড়ো হাওয়া সহ প্রবল বৃষ্টিপাত। কলকাতা ছাড়াও পুরুলিয়া, বাঁকুড়া, দুই মেদিনীপুর, দুই ২৪-পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও হয়েছে অল্প শিলাবৃষ্টি। এভাবে অতিরিক্ত বৃষ্টি হলে আলু চাষ ও সবজি চাষের ক্ষতির আশঙ্কা করছেন বর্ধমান ও হুগলির চাষিরা।
পশ্চিমবঙ্গ থেকে তেলেঙ্গানা, দীর্ঘ নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবাহিত হয়ে চলেছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা জুড়ে। আকাশে মেঘের আনাগোনা। শুক্রবার বৃষ্টির সম্ভাবনা না থাকলেও, শনি ও রবিবার বজ্র-বিদ্যুত সহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে কলকাতা ও শহরতলীর এলাকাগুলিতে। ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে কোথাও কোথাও, শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া অফিস থেকে ‘হলুদ সতর্কতা’ জারি করা হয়েছে। তবে এর জন্য তাপমাত্রার বড়সড় পরিবর্তন হবে না। সাময়িকভাবে তাপমাত্রা কমবে কিছুটা, বৃহস্পতিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস, শুক্রবার তা এক ধাক্কায় ১৮.৪ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। আগামী কয়েকদিন তাপমাত্রা এরকমই থাকবে বলে হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে। অন্যদিকে, একটানা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং সহ একাধিক পার্বত্য জেলাতেও। দার্জিলিং, কালিম্পং, মালদা ও জলপাইগুড়িতে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আলিপুর আবহাওয়া অফিস বলছে, ফাল্গুন মাসে এই অকাল ‘বর্ষা’র ছোঁয়া, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প দক্ষিণবঙ্গের বাতাসে ঢুকে পড়ার কারণে ঘটেছে ৷ বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত রয়েছে, তাই এই জলীয় বাষ্পের প্রবেশ। ফলে এদিন কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে বৃষ্টি শুরু হয়েছে, সঙ্গে বজ্রবিদ্যুতের দাপট। শিলাবৃষ্টিও হয়েছে কোথাও কোথাও। উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস ছিল। আগামী চারদিন বিক্ষিপ্ত বৃষ্টির আভাস দেওয়া হয়েছে। ‘হলুদ সতর্কতা’ জারি করে বঙ্গবাসীর কাছে আবেদন করা হয়েছে, মাঠে কাজ করবার সময় কৃষকরা যাতে বজ্রবিদ্যুতের বিষয়ে সতর্ক থাকেন। বজ্রপাতের সময় বৈদ্যুতিক যন্ত্রপাতি থেকে দূরত্ব রাখবার কথা বলা হয়েছে। ঝোড়ো হাওয়ার সময় গাছের নিচে না দাঁড়ানোর নির্দেশ।
❤ Support Us






