- দে । শ
- নভেম্বর ২৮, ২০২৫
বিএলও মৃ্ত্যুতে পূর্ব বর্ধমানের ওয়াররুম থেকে কমিশনের বিরুদ্ধে তোপ মন্ত্রী অরূপ বিশ্বাস
মৃত্যুর মুখে বিএলও-দের ঠেলে দিচ্ছে ইলেকশন কমিশন। শুক্রবার কালনায় ওয়াররুম পরিদর্শনে এসে তোপ তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের। বললেন, ‘গতকাল সারাদিন বন্ধ ছিল এসআইআর ডিজিটাইজেশন অ্যাপ। তাও কাজ শেষ করার জন্য বিএলওদের অমানবিক চাপ দেওয়া হচ্ছে। ব্রিটিশ আমলেও মানুষকে এমন চাপ দেওয়া হতো না।’
পূর্ব বর্ধমানের পর মুর্শিদাবাদ শুক্রবার বিএলও-র মৃত্যুর প্রসঙ্গ তুলে বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস বললেন, ‘মোট ৪২ জনের প্রাণ চলে গেল। নির্বাচন কমিশন কি ঘুমোচ্ছে?’ বিজেপি সরকার ও নির্বাচন কমিশনকে এক বন্ধনীতে রেখে মন্ত্রীর আক্রমণ, বিজেপি আর নির্বাচন কমিশন যৌথভাবে ষড়যন্ত্র করে মানুষের ভোটের অধিকার হরণ করে বাংলার ক্ষমতায় আসতে চাইছে। বিহার, মহারাষ্ট্র, দিল্লিতে আসলেও তারা ভুলে গেছে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা। এখানে একটা বৈধ ভোটার বাদ যাবে না। বাদ গেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন দিল্লিতে দশ লক্ষ মানুষ নিয়ে গিয়ে আন্দোলন হবে। ২০০২ সালে ২ বছর ধরে এস আই আর হয়েছিল। আর এখন দুমাসের মধ্যে তা শেষ করার সমালোচনায় সরব হলেন মন্ত্রী অরূপ। এসআইআর নিয়ে দলের নেতা-কর্মীদের সঙ্গে কালনার ব্যাংক বাজার সংলগ্ন তৃণমূল কংগ্রেস ভবনে বৈঠক করেন মন্ত্রী অরূপ। তাঁর সঙ্গে ছিলেন বিধায়ক দেবপ্রাসাদ বাগ, বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ শর্মিলা সরকার, বর্ধমান জেলার তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি, যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রাসবিহারী হালদাররা। অরূপবাবু এদিন পূর্ব বর্ধমান জেলার ৭টি বিধানসভা ঘোরেন।
❤ Support Us






