- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- এপ্রিল ১, ২০২৪
একমাত্র ভারতীয় ভারোত্তোলক হিসেবে প্যারিস অলিম্পিকের ছাড়পত্র পেলেন মীরাবাই চানু
প্যারিস অলিম্পিকে খেলার ছাড়পত্র পেলেন মীরাবাই চানু। টোকিও অলিম্পিকে রুপোজয়ী এই ভারতীয় ভারোত্তোলক সোমবার আইডব্লুএফ বিশ্বকাপে মহিলাদের ৪৯ কেজি বিভাগে গ্রুপ বি–তে তৃতীয় হয়ে প্যারিস অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছেন। বিশ্বকাপে দুটি বিভাগে তিনি মোট ১৮৪ কেজি ওজন তুলেছেন। প্যারিস অলিম্পিকে সুযোগ পাওয়া তিনিই একমাত্র ভারতীয় ভারোত্তোলক। তৃতীয়বারের জন্য তিনি অলিম্পিকের ছাড়পত্র পেলেন।
প্যারিস অলিম্পিকে যোগ্যতা অর্জনের জন্য এটা ছিল চূড়ান্ত বাছাইপর্বের প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় ব্যর্থ হলেই অলিম্পিকে খেলার স্বপ্নের সলিলসমাধি ঘটত মীরাবাই চানুর। বাছাই পর্বের চূড়ান্ত প্রতিযোগিতা চানুর কাছে ছিল কঠিন চ্যালেঞ্জ। চোটের জন্য দীর্ঘ ৬ মাস খেলার বাইরে ছিলেন। বিশ্বকাপে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়ে প্যারিস অলিম্পিকের ছাড়পত্র আদায় করে নিলেন এই ভারতীয় ভারোত্তোলক।
স্ন্যাচে ৮১ কেজি ওজন তোলেন মীরাবাই চানু। ক্লিন অ্যান্ড জার্কে তোলেন ১০৩ কেটি। তাঁর পাঁচটি প্রয়াসই সঠিক ছিল। মোট ১৮৪ কেজি ওজন তুলে প্রতিযোগিতায় তৃতীয় স্থান লাভ করেন মীরাবাই। ২০১৭ সালের বিশ্বচ্যাম্পিয়ন মীরাবাই বর্তমানে মহিলাদের ৪৯ কেজি বিভাগে অলিম্পিক কোয়ালিফিকেশন র্যাঙ্কিংয়ে চীনের জিয়ান হুইহুয়ার পর দ্বিতীয় স্থানে রয়েছেন৷
গত বছরের সেপ্টেম্বরে এশিয়ান গেমসে শেষবার অংশ নিয়েছিলেন মীরাবাই। প্রতিযোগিতায় তিনি চোট পেয়েছিলেন। বিশ্বকাপে তিনি নিজের সেরা পারফরমেন্স করতে না পারলেও পাঁচবার ওজন তুলতে কোনও ভুল করেননি মীরাবাই। স্ন্যাচ এবং ক্লিন অ্যান্ড জার্কে সেরা পারফরমেন্সের ধারে কাছেও আসতে পারেননি তিনি। স্ন্যাচে মীরাবাইয়ের সেরা পারফরমেন্স ৮৮ কেজি। আর ক্লিন অ্যান্ড জার্কে ১১৯ কেজি। ২০২১ সালে এশিয়ান চ্যাম্পিয়নশিপে তিনি এই রেকর্ড রেকর্ড গড়েছিলেন।
অলিম্পিকে খেলার ছাড়পত্র পেয়ে মীরাবাই বলেন, ‘চোটের পর ফিরে এভাবে আসাটা অবিশ্বাস্য লাগছে। আমি আজ প্রতিটি লিফট পরিষ্কারভাবে তুলেছি। চোট পাওয়ার পর কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছি। কঠোর পরিশ্রম করে এই জায়গায় পৌঁছেছি। লক্ষ্য ছিল প্যারিস অলিম্পিকের জন্য জায়গা নিশ্চিত করা। লক্ষ্য পূরণ হয়েছে। এখন আমি প্যারিস অলিম্পিকের জন্য শেষবিন্দু দিয়ে ঝাঁপাব।’
❤ Support Us






