- এই মুহূর্তে বি। দে । শ
- মার্চ ১৩, ২০২৬
মার্কিন হামলায় গুরুতর জখম, জল্পনার মাঝেই প্রতিশোধের বার্তা মোজতবার। হুঁশিয়ারি, ‘হরমুজ বন্ধই থাকবে’
আয়াতোল্লা খামেনেই-র মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে মনোনীত হয়েছেন তাঁর পুত্র মোজতাবা খামেনেই। ইরানের নতুন সুপ্রিম লিডার হিসেবে মনোনীত হওয়ার পর থেকেই জনসমক্ষে আর দেখা যায়নি তাঁকে। সম্প্রতি, ব্রিটিশ সংবাদপত্র ‘দ্য সান’-এর একটি প্রতিবেদনে দাবি করা হয়, সাম্প্রতিক মার্কিন হামলায় গুরুতর আহত হয়েছেন তিনি এবং বর্তমানে কোমায় রয়েছেন। রাজধানী তেহরানের একটি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।
প্রতিবেদনে তেহরানের এক চিকিৎসকের সূত্র উদ্ধৃত করে দাবি করা হয়েছে, মার্কিন হামলায় তাঁর একটি পা কেটে ফেলতে হয়েছে। গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে যকৃতও। বর্তমানে রাজধানীর ‘সিনা ইউনির্ভাসিটি হাসপাতাল’-এ কড়া নিরাপত্তার মধ্যে তাঁর চিকিৎসা চলছে বলে জানানো হয়েছে। ইরানের স্বাস্থ্যমন্ত্রী তথা চিকিৎসক মহম্মদ রেজা জাফরগজনি-র নেতৃত্বাধীন একটি বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড তাঁর চিকিৎসার তত্ত্বাবধান করছে বলেও দাবি করা হয়েছে।
এ খবর সামনে আসতেই শুরু হয়েছে তীব্র জল্পনা—আদৌ কি বেঁচে আছেন মোজতাবা? গত ৯ মার্চ ইরানের সরকারি সংবাদমাধ্যমে তাঁকে ‘জানবাজ় অফ রমজান’ বলে উল্লেখ করা হয়েছিল। শব্দবন্ধটির অর্থ, ‘আহত অভিজ্ঞ সেনাপতি’। সে থেকেই তাঁর শারীরিক অবস্থা নিয়ে নানা জল্পনা শুরু হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একটি রেডিও চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘ইরানের নতুন সুপ্রিম লিডার এখনো বেঁচে রয়েছেন, তবে তিনি আহত।’ একই সঙ্গে পিতা আলি খামেনেইয়ের মৃত্যুর পর পুত্রের হাতে ক্ষমতা যাওয়ার বিষয়টি নিয়ে অসন্তোষও প্রকাশ করেছেন ট্রাম্প।
জখম জল্পনার খবর প্রকাশ্যে আসার কয়েক ঘণ্টার মধ্যেই তেহরান থেকে একটি অডিয়ো বিবৃতি প্রচার করা হয়, যেখানে প্রতিশোধের হুঁশিয়ারি শোনা যায় মোজতবার কণ্ঠে। যুদ্ধ পরিস্থিতিতে আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী অবরুদ্ধ করে রাখার ঘোষণা দিয়েছেন তিনি। তাঁর দাবি, শত্রুপক্ষের উপর চাপ সৃষ্টির কৌশল হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি, যুদ্ধে নিহত ইরানের বাসিন্দাদের ‘শাহাদত’-এর প্রতিশোধ নেওয়াই এখন ইরানের প্রধান লক্ষ্য। তাঁর কথায়, প্রতিশোধের একটি সীমিত অংশ ইতিমধ্যেই বাস্তবায়িত হয়েছে। কিন্তু চূড়ান্ত লক্ষ্যপূরণ না হওয়া পর্যন্ত অভিযান চলবে।
অডিয়ো বার্তায় প্রতিবেশী দেশগুলির উদ্দেশে এক ধরনের আশ্বাসও দিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা। তাঁর বক্তব্য, প্রতিবেশী রাষ্ট্রগুলির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আগ্রহী তেহরান। তবে ওই সব দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো থেকে ইরান পিছপা হবে না বলেও স্পষ্ট করে দিয়েছেন তিনি। ঘটনাচক্রে, বৃহস্পতিবারই হরমুজ প্রণালী এলাকায় কয়েকটি তেলবাহী জাহাজে হামলা চালানোর অভিযোগ উঠেছে ইরানের সামরিক বাহিনীর বিরুদ্ধে।
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের উপর মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইজরায়েল-এর যৌথ বিমান হামলা চালানো হয়েছিল। মার্কিন যুদ্ধবিমান থেকে নিক্ষেপ করা ‘বাঙ্কার-ব্লাস্টার’ বোমার আঘাতেই মৃত্যু হয়েছিল ৮৬ বছর বয়সি আলি খামেনেইয়ের বলে দাবি বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে। হামলায় গুরুতর আহত হয়েছিলেন তাঁর স্ত্রী, পরে তাঁরও মৃত্যু হয়। অন্য আরেকটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, ওই হামলায় মোজতবার স্ত্রী জারা খামেনেই ও তাঁদের আট বছরের সন্তান বাঘেরও নিহত হয়েছেন। যদিও এই সব তথ্যের কোনও সরকারি নিশ্চিতকরণ এখনো পাওয়া যায়নি। ফলে ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে ঘিরে রহস্য, জল্পনা এবং কূটনৈতিক উত্তেজনা— সব মিলিয়ে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে পশ্চিম এশিয়ায়।
❤ Support Us







