- এই মুহূর্তে দে । শ
- এপ্রিল ২৭, ২০২৩
পু্ত্র নয় জন্মেছে কন্যা, ক্ষোভে হতাশায় সদ্যজাতকে পুকুরে ছুঁড়ে ফেললেন মা। সোনিতপুরের ঘটনায় গ্রেফতার দম্পতি
পুত্রসন্তান লাভে ব্যর্থ হয়ে নিজের শিশুকন্যাকে পুকুরে বিসর্জন দিলেন মা। ঘটনাটি ঘটেছে আসামের সোনিতপুর জেলার বিশ্বনাথ সাব ডিভিশনের অন্তর্গত মহালক্ষ্মী বস্তিতে। ছোট্ট বাচ্চার করুণ পরিণতিতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন , বুধবার মৃত শিশুটিকে পুকুরের ওপর ভাসমান অবস্থায় দেখা যায়। থানায় খবর দিলে পুলিশ দ্রুত এসে বাচ্চাটিকে উদ্ধার করে। ঘটনায় জড়িত থাকায় সন্দেহে বাচ্চার বাবা -মা কে আটক করেছে পুলিশ। এ ব্যাপারে আরো তদন্ত চালানো হবে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
থানার পদস্থ আধিকারিকের কথায় জেরায় মৃত কন্যার মা নিজের অপরাধের কথা স্বীকার করেছেন। তিনি বলেছেন, দুদিন আগেই এ ঘৃণ্য কাজ ঘটিয়েছেন। তাঁর কথায়, বহু চেষ্টা করেও পুত্র সন্তান ভাগ্যে জোটেনি। তাই রাগে-দুঃখে-হতাশায় নিজের ফুটফুটে একরত্তি মেয়েকে জলে ছুঁড়ে ফেলে দেন। ঘটনায় সামাজিক ও পারিবারিক চাপের সম্ভাবনার কথা উড়িয়ে দিচ্ছেন না থানার পদস্থ কর্তারা । সম্ভবত সে কারণেই এমন চরম পদক্ষেপ গ্রহণ করেছেন সন্তানহীনা ।
শিক্ষা মানুষের মধ্যে চেতনার সঞ্চার করে। যথার্থ শিক্ষা নারী-পুরুষের সংকীর্ণ ভেদাভেদের উর্ধ্বে উঠে মানুষকে মানুষ রূপে বিচার করতে শেখায়। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও দেশে শিক্ষার বিস্তারের নিরিখে আঞ্চলিক বৈষম্য প্রকট। অরুণাচল-আসাম সীমান্তে অবস্থিত এ অঞ্চলটিতে সামাজিক সচেতনতার হার অত্যন্ত কম। লেখাপড়া হোক বা কর্মসংস্থানের মেয়েদের ভূমিকা আশানুরূপ নয়। সেক্ষেত্রে এমন ঘটনা আবার যে ঘটবে না তা বলা যাবে না।প্রশাসনের পক্ষ থকে এমন মর্মান্তিক ঘটনা রোধে যথাযথ ব্যবস্থা গ্রহণ অত্যন্ত জরুরি। নাহলে আরো বহু শিশুর বিয়োগান্ত পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে।
❤ Support Us






