Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ৪, ২০২৩

অমৃতার এজলাসে পুর নিয়োগ দুর্নীতি নিয়ে মামলার শুনানি সোমবার। অভিষেকে জেরা নয় কেন, একইদিনে চাকরীপ্রার্থীদের মামলা শুনবে আদালত

আরম্ভ ওয়েব ডেস্ক
অমৃতার এজলাসে পুর নিয়োগ দুর্নীতি নিয়ে মামলার শুনানি সোমবার। অভিষেকে জেরা নয় কেন, একইদিনে চাকরীপ্রার্থীদের মামলা শুনবে আদালত

পুরসভায় নিয়োগে দুর্নীতি সংক্রান্ত মামলার শুনানি হতে পারে আগামী সোমবার, কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। রাজ্য সরকারের তরফে পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলার পুনর্বিবেচনার আর্জি জানানো হয়েছে ।

এর আগে পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই নির্দেশের বিরুদ্ধে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। সুপ্রিম কোর্ট সাতদিনের অন্তবর্তী স্থগিতাদেশ দেয়। এরপর সুপ্রিম কোর্টের তরফে ওই মামলাটি ফেরত পাঠানো হয়েছিল কলকাতা হাইকোর্টে। প্রসঙ্গত, প্রোমোটার অয়ন শীল গ্রেফতারের পরে পুরসভায় নিয়োগ দুর্নীতি প্রসঙ্গ সামনে এসেছে।

এদিকে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দুর্নীতি সংক্রান্ত বিচারাধীন বিষয়ে বেসরকারি টিভি চ্যানেলে ইন্টারভিউ দেওয়ার পরে বিতর্ক সৃষ্টি হয়। এরপর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, বিচারাধীন মামলা নিয়ে কোনও বিচারপতি ইন্টারভিউ দিলে, সেক্ষেত্রে তাঁর এজলাসে ওই মামলা চালানো যাবে না আইনানুগ কারণেই।

কলকাতা হাইকোর্ট সূত্রের খবর, সুপ্রিম কোর্ট পুরসভায় নিয়োগে দুর্নীতি মামলার পুনর্বিবেচনার আর্জি জানানোর পরে রাজ্য সরকারের তরফে বিচারপতি অমৃতা সিনহার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

একইসঙ্গে কুন্তল ঘোষের চিঠি সম্পর্কিত মামলায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্যে সিবিআই কিংবা ইডি-র গোয়েন্দারা কেন তলব করছে না, এব্যাপারেও চাকরিপ্রার্থীদের তরফে, আইনজীবীরা কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে আর্জি জানিয়েছেন। কলকাতা হাইকোর্ট সূত্রে জানা গিয়েছে, বিচারপতি অমৃতা সিনহার এজলাসে আগামী সোমবার এই মামলারও শুনানি হতে পারে। এখন দেখার আগামী সোমবার পুরনিয়োগে দুর্নীতি ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই বা ইডি-র জেরা সংক্রান্ত মামলার শুনানি কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে হলে জল কোনদিকে গড়ায়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!