- দে । শ প্রচ্ছদ রচনা
- মে ২৫, ২০২৩
শনিবার এগরা যাচ্ছেন মমতা, ওই দিনই শালবনির “নবজোয়ার যাত্রায়” একমঞ্চে থাকছেন মমতা-অভিষেক
মালদহের পর এবার পশ্চিম মেদিনীপুরের তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে একমঞ্চে থাকছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার দুপুরে শালবনির সভায় যোগ দেবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে ওইদিনই মমতা এগরা যাবেন। এগরা থেকে তৃণমূলনেত্রী চলে যাবেন শালবনিতে। তৃণমূল সূত্রে এমনটাই জানা গেছে।
বৃহস্পতিবার পুরুলিয়ার জনসংযোগ যাত্রা শেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন ঝাড়গ্রাম। এর পর শনিবার পশ্চিম মেদিনীপুরের শালবনির নবজোয়ারের সভা মঞ্চে একসাথে থাকছেন মমতা ও অভিষেক। তার আগে ওই দিনই এগরায় বিস্ফোরণস্থলে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে তিনি স্বজনহারা পরিবারের সঙ্গে দেখা করবেন।
তৃণমূল সূত্রে জানা গেছে, শনিবার মমতা প্রথমে এগরা যাবেন। সেখানে বাজি বিস্ফোরণে মৃতদের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলবেন। তিনি ওই দিন এগরায় যেখানে বাজি কারখানায় বিস্ফোরণ হয়েছিল সেখানেও যেতে পারেন বলে জানা যাচ্ছে। এর পর সেখান থেকে মমতা যাবেন শালবনি। শালবনিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবজোয়ার কর্মসূচিতে যোগ দেবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কুড়মি সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে অভিষেকের বাঁকুড়ায় যে ভাবে কথা হয়েছে তার পর শালবনিতে মমতা-অভিষেক এক মঞ্চে হাজির হওয়া জঙ্গলমহলকে নিশ্চিত ভাবে কোনও বার্তা দেওয়ার দিকেই যাচ্ছে বলে তৃণমূল সূত্রে খবর। তৃণমূল সূত্রে আরও জানা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় শালবনির সভা মঞ্চ থেকে সেখানকার মানুষের সুখ-দুঃখের কথা শুনবেন।
❤ Support Us






