Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • ডিসেম্বর ১২, ২০২৫

নেপালে ‘জেন জি’ বিক্ষোভের জেরে ৫৮৬ মিলিয়ন ডলারের ক্ষতি, অর্থনীতি দিশাহীন

আরম্ভ ওয়েব ডেস্ক
নেপালে ‘জেন জি’ বিক্ষোভের জেরে ৫৮৬ মিলিয়ন ডলারের ক্ষতি, অর্থনীতি দিশাহীন

৩ মাস আগে নেপালে তরুণ প্রজন্মের নেতৃত্বে হওয়া ‘জেন জি’ বিক্ষোভে পাল্টে যায় দেশের রাজনৈতিক সমীকরণ। পতন ঘটে কেপি শর্মা ওলি সরকারের। সিংহ দরবার, প্রধানমন্ত্রীর দফতর, সুপ্রিম কোর্ট, পার্লামেন্ট থেকে শুরু করে বিভিন্ন রাজনীতিকের ব্যক্তিগত বাড়ি পর্যন্ত আছড়ে পড়ে জনরোষ। বিক্ষোভ চলাকালীন ৭৭ জন নিহত এবং অন্তত ২,০০০ জন আহত হন। একের পর এক সরকারি এবং বেসরকারি সম্পত্তিতে আঘাত হানে বিক্ষোভকারীরা; কিছুতে অগ্নিসংযোগও করা হয়। এবার সেই ক্ষয়ক্ষতির হিসাব প্রকাশ করেছে নেপালের অন্তর্বর্তী সরকার। সরকারের তথ্য অনুযায়ী, ওই বিক্ষোভ ও সহিংসতার কারণে নেপালের ৪২ বিলিয়ন ডলারের অর্থনীতিতে প্রায় ৫৮৬ মিলিয়ন ডলারের (ভারতীয় মুদ্রায় প্রায় ৫,২৯৪ কোটি টাকা) ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত সরকারি ও বেসরকারি ভবন পুনর্নির্মাণে প্রায় ২৫২ মিলিয়ন ডলার খরচ হবে বলে ধারণা করা হচ্ছে।

অস্থায়ী প্রধানমন্ত্রী সুশীলা কারকি, যিনি নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী এবং সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি, বিক্ষোভের মাত্র ৩ দিন পর অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ গ্রহণ করেন। তখনই ঘোষণা করা হয়, আগামী ৫ মার্চ, ২০২৬-এ দেশজুড়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে জনসাধারণ ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পুনর্নির্মাণ তহবিলে এ পর্যন্ত এক মিলিয়নেরও কম অর্থ এসেছে। বাকি অর্থের ব্যবস্থাপনা কীভাবে করা হবে, সে বিষয়ে সরকার এখনও কিছু জানায়নি। নেপালের শহর উন্নয়ন মন্ত্রণালয়ের সিনিয়র প্রকৌশলী চক্রবর্তী কান্ত জানিয়েছেন, সিংহ দরবার, রাষ্ট্রপতি কার্যালয়, সুপ্রিম কোর্ট এবং গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলির পুনর্নির্মাণ কার্যক্রম ইতিমধ্যেই শুরু হয়েছে। কিছু আংশিকভাবে ক্ষতিগ্রস্ত ভবন মেরামত সম্পন্ন হয়েছে এবং পুনরায় ব্যবহারযোগ্য হয়েছে। তবে সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত ভবনগুলির কাজ তখনই শুরু হবে যখন বিস্তারিত রিপোর্ট এবং নকশা প্রস্তুত হবে।

অন্যদিকে, সাধারণ মানুষের জীবনে প্রভাব স্পষ্ট। কাঠমান্ডুর একটি হোটেলের রান্নাঘরের কর্মী কমল গৌতম জানিয়েছেন, ‘তিন মাস ধরে বেতন বন্ধ, আর পরিবারকে সমর্থন করার উপায় জানি না।’ পর্যটন শিল্পও ক্ষতিগ্রস্ত; সেপ্টেম্বর মাসে পর্যটকের সংখ্যা ১৮% কমেছে। তরুণদের বক্তব্য, সরকার বদলালেও প্রশাসন ও রাজনৈতিক ব্যবস্থা অপরিবর্তিত থেকে গেছে। আন্দোলনের মূল নেতা টানকা ধামি উল্লেখ করেছেন, ‘ব্যুরোক্রেসি আগের মতোই আছে, তাই দ্রুত পরিবর্তন আনা কঠিন।’ অস্থায়ী প্রশাসন পুরনো রাজনৈতিক ও প্রশাসনিক শাসকদের দ্বারা সীমাবদ্ধ থাকায় তাৎক্ষণিক সংস্কার সম্ভব হচ্ছে না।

প্রধানমন্ত্রী কার্কি ও তার মন্ত্রিসভার সামনে চ্যালেঞ্জ অনেক বড়ো। শুধু ধ্বংসপ্রাপ্ত অবকাঠামো পুনর্নির্মাণ নয়, নিরাপত্তা সংকটও মোকাবেলা করতে হবে। বিক্ষোভের সময় হারানো হাজার হাজার বন্দী এবং ১,১০০টিরও বেশি লুট হওয়া আগ্নেয়াস্ত্র এখনও সমস্যা হিসেবে বিদ্যমান। বিশ্লেষকরা দেশের কূটনৈতিক ধীরগতি ও বিদেশী সম্পর্কের আস্থার ঘাটতির কথাও উল্লেখ করেছেন। নেপালে নির্বাচন আসন্ন, কিন্তু অর্থনৈতিক ক্ষতি, জনমতের ভাঙন এবং নিরাপত্তার ঝুঁকি মিলে দেশের রাজনৈতিক পরিবেশ এখন অস্থির। বিশেষজ্ঞদের সতর্কবার্তা, ‘হতাশা নতুন অস্থিরতা ডেকে আনতে পারে, নির্বাচন আগেই।’ ৩ মাস আগে যুব নেতৃত্বাধীন বিক্ষোভ নেপালের সরকারকে উৎখাত করেছিল, প্রথম মহিলা প্রধানমন্ত্রী নিয়োগ করা হয়েছিল। কিন্তু সেই ‘নতুন নেপাল’ গড়ার প্রতিশ্রুতি এখন বাস্তবায়নের পথে বাধাগ্রস্ত। রাজনৈতিক সংস্কার, দুর্নীতি দূরীকরণ ও অর্থনৈতিক পুনরুদ্ধার— পাহাড় প্রমাণ চ্যালেঞ্জের মাঝেই অস্থায়ী সরকার দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!