Advertisement
  • দে । শ বৈষয়িক
  • মে ২৬, ২০২৩

কেন্দ্রীয় অর্থমন্ত্রকের ঘোষণা, সংসদ ভবন উদ্বোধনের দিন নতুন ৭৫ টাকার কয়েনের আত্মপ্রকাশ

আরম্ভ ওয়েব ডেস্ক
কেন্দ্রীয় অর্থমন্ত্রকের ঘোষণা, সংসদ ভবন উদ্বোধনের দিন নতুন ৭৫ টাকার কয়েনের আত্মপ্রকাশ

সংসদ ভবন উদ্বোধনের বাকি মাত্র আর দুদিন। তার আগে নতুন আইনসভার  দ্বার উন্মোচনের  মুহুর্তকে স্মরনীয় করে রাখতে ৭৫ টাকার নতুন মুদ্রা চালু করার কথা ঘোষণা করল কেন্দ্রীয় অর্থমন্ত্রক। গত বছরই স্বাধীনতার ৭৫ তম বর্ষে পা দিয়েছে দেশ। সে উপলক্ষে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।  আগামী রবিবার প্রধানমন্ত্রী তার উদ্বোধন করবেন। সংবাদ সংস্থার খবর, আপাতত ঠিক হয়েছে, অল্প সংখ্যক মুদ্রাই বাজারে আনা হবে। পরে যদি দেখা যায় নতুন কয়েনে আর্থিক লেনদেন বাড়ছে তাহলে আরো নতুন একই  অঙ্কের কয়েন  চালু করার কথা, ভাবা হবে।

কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন যে কয়েনটি আনার কথা বলা হয়েছে সেটা দেখতে হবে বৃত্তাকার। ব্যাস ৪৪ মিলিমিটার। ৫০ শতাংশ রুপো, ৪০ শতাংশ তামা, পাঁচ শতাংশ নিকেল এবং পাঁচ শতাংশ দস্তার সংমিশ্রণে তৈরি হবে নতুন মুদ্রা। ওজন হতে হবে প্রায় ৩৫ গ্রাম।কয়েনের একপাশে থাকবে সংসদ চত্বর ও নতুন পার্লামেন্ট ভবনের ছবি। তার নীচে ‘ ২০২৩ ‘ সাল লেখা থাকবে। উপরের দিকে ইংরাজিতে লেখা হবে PARLIAMENT COMPLEX ।

অন্য পাশে, অর্থাৎ সামনের দিকে থাকবে অশোক স্তম্ভের সিংহের মুখ। যার নীচে লেখা থাকবে সত্যমেব জয়তে। বাঁ-দিকে দেবনাগরী হরফে লেখা থাকবে ‘ভারত’। ডানদিকে ইংরেজিতে ‘ইন্ডিয়া’ লেখা থাকবে। সেইসঙ্গে রুপির চিহ্ন থাকবে বিশেষ কয়েনে। সিংহের নীচে ‘৭৫’ লেখা থাকবে।

কয়েকদিন আগেই বাজার থেকেই  দু হাজার টাকা তুলে নেওয়ার কথা  জানিয়েছে  কেন্দ্র।  যা নিয়ে ইতিমধ্যেই জনমানসে চাঞ্চল্য তৈরি হয়েছে। এমতাবস্থায়, নতুন মুদ্রার প্রচলন আর্থিক সংকট মোচনে কেন্দ্রের কোনো উদ্ভাবনী চমক কিনা  তা নিয়ে প্রশ্ন উঠছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!