- এই মুহূর্তে বি। দে । শ
- নভেম্বর ২২, ২০২৪
নিজ্জর হত্যায় ভারত যোগ, নিজের মন্তব্য থেকে সরলেন ট্রুডো
গত বছর কানাডায় খালিস্তানি সন্ত্রাসী হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ড নিয়ে ভারতের সঙ্গে কানাডার কূটনৈতিক সম্পর্ক তলানিতে পৌঁছেছিল। কয়েকদিন আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের দিকে ষড়যন্ত্রের অভিযোগ উঠেছিল। সেই অভিযোগ নস্যাৎ করল জাস্টিন ট্রুডো সরকার। শুক্রবার মোদি, জয়শঙ্কর ও ডোভালের কানাডায় অপরাধমূলক কার্যকলাপের সাথে যুক্ত থাকার বিষয়টি অস্বীকার করেছে।
কানাডার প্রধানমন্ত্রীর জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা উপদেষ্টা নাথালি জি ড্রুইন এক বিবৃতিতে বলেছেন, ‘কানাডার সরকার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের কানাডার অভ্যন্তরে গুরুতর অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকার প্রমাণ সম্পর্কে অবগত নয়। সব কিছুই অনুমানমূলক।’ বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘১৪ অক্টোবর জননিরাপত্তার জন্য উল্লেখযোগ্য এবং চলমান হুমকির কারণে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ কানাডায় এজেন্টদের দ্বারা সংঘটিত গুরুতর অপরাধমূলক কার্যকলাপের জনসমক্ষে অভিযোগ করার পদক্ষেপ নিয়েছে।’
২০ নভেম্বর কানাডাভিত্তিক গ্লোব এবং মেইল পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছিল নরেন্দ্র মোদি, এস জয়শঙ্কর এবং অজিত ডোভাল এনআইএ মনোনীত সন্ত্রাসী হরদীপ নিজ্জরের হত্যার ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত। ভারত সরকার তীব্রভাবে এই মন্তব্যের বিরোধিতা করে। ভারতীয় বিদেশমন্ত্রকের মুখপাত্র রণবীর জয়সওয়াল বলেন, ‘আমরা সাধারণত মিডিয়া রিপোর্টের ওপর কোনও মন্তব্য করি না। তবে কানাডিয়ান সরকারের একটি সূত্র দ্বারা কথিতভাবে একটি সংবাদপত্রে দেওয়া এই ধরনের হাস্যকর বিবৃতি ভিত্তিতে তাকে বরখাস্ত করা উচিত। এই ধরনের প্রচার আমাদের সম্পর্ককে আরও ক্ষতি করছে।’ জয়ওয়ালের এই বিবৃতির পরই কানাডা সরকারের পক্ষ থেকে এই বিবৃতি দেওয়া হয়েছে।
গত বছরের ১৮ জুন ব্রিটিশ কলাম্বিয়ার সারেতে গুরুদ্বারের বাইরে নিহত হন হরদীপ সিং নিজ্জর। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দাবি করেছিলেন যে, নিজ্জর হত্যায় ভারতের হাত রয়েছে। ভারত সমস্ত অভিযোগ অস্বীকার করে কানাডার দাবিকে ‘অযৌক্তিক’ ও ‘অনুপ্রাণিত’ বলে অভিহিত করে। পাল্টা ভারত কানাডাকে তাদের দেশে চরমপন্থী এবং ভারতবিরোধী সন্ত্রাসীদের স্থান দেওয়ার অভিযোগ করেছে।
❤ Support Us







