Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • এপ্রিল ৩০, ২০২৫

আর্সেনালকে ডেম্বেলের গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পথে পিএসজি

আরম্ভ ওয়েব ডেস্ক
আর্সেনালকে ডেম্বেলের গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পথে পিএসজি

ম্যাচ সবে শুরু হয়েছে। লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে দর্শকরা তখনও ঠিকভাবে গুছিয়ে বসতে পারেননি। হঠাৎই এক আক্রমণ। আর্সেনালের জালে বল। ঘরের মাঠে শুরুতেই পিএসজি–র কাছে এভাবে ধাক্কা খেতে হবে!‌ আর্সেনাল সমর্থকরা স্বপ্নেও ভাবতে পারেননি। যারা রিয়েল মাদ্রিদের মতো দলকে হারিয়ে সেমিফাইনালে উঠে এসেছে, তাদের কাছে ঘরের মাঠে শুরুতেই গোল হজম করাটা সত্যিই অপ্রত্যাশিত। বাকি সময়ে আর সেই গোল শোধ করতে পারেনি। উসমান ডেম্বেলের করা চতুর্থ মিনিটের সেই গোলেই চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম পর্বের লড়াইয়ে আর্সেনালকে হারিয়ে ফাইনালের পথে এগিয়ে গেল পিএসজি।
কোয়ার্টার ফাইনালে রিয়েল মাদ্রিদের বিরুদ্ধে যে দাপট দেখিয়েছিল আর্সেনাল, পিএসজি–র বিরুদ্ধে একেবারেই উধাও। সব বিভাগেই এদিন এগিয়ে ছিল লুই এনরিকের দল। পিএসজি–র রক্ষণভাগের দৃঢ়তা দেখে মনে হচ্ছিন, আর্সেনালকে কোনও সুযোগই দেবে না। রক্ষণ জমাট রেখে ম্যাচের শুরুতেই আর্সেনালের ওপর ঝাঁপিয়ে পড়েছিল পিএসজি। ম্যাচের ৪ মিনিটেই উসমান ডেম্বেলের গোল। গোলের কারিগর অবশ্য ‘‌জর্জিয়ান মারাদোনা’‌ খিচা কাভারাস্কেইয়ার। বাঁ দিক থেকে বক্সে ঢুকে পড়েন কাভারাস্কেইয়া। আর্সেনালের দুই ডিফেন্ডারের মাঝখান দিয়ে পাস বাড়ান ডেম্বেলেকে। চলতি বলেই বাঁ পায়ে শট নেন ডেম্বেলে। আর্সেনাল গোলকিপার দাভিদ রায়াকে ফাঁকি দিয়ে বল সরাসরি জালে জড়িয়ে যায়। গোলের আরও বেশ কয়েকটা সুযোগ পেয়েছিল পিএসজি। কাজে লাগাতে পারেনি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ডেকলান রাইসের ফ্রিকিক থেকে হেডে পিএসজির জালে বল পাঠিয়েছিলেন মিকেল মেরিনো।
কিন্তু অফসাইডের জন্য সেই গোল বাতিল হয়ে যায়। সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে ওঠে আর্সেনাল। লিয়ান্দ্রো ত্রোসার, বুকায়ো সাকা, গ্যাব্রিয়েল মার্তিনেল্লিরা আটকে যান পিএসজি গোলকিপার ডোন্নারুম্মার কাছে। ৮৩ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল পিএসজি–র কাছে। রায়াকে একা পেয়েও কাজে লাগাতে পারেননি ডেম্বেলে। শেষ পর্যন্ত বিশ্বকাপজয়ী ডেম্বেলের গোল আর ইউরোজয়ী ডোন্নারুম্মার অসাধারণ গোলকিপিং পার্থক্য গড়ে দিল। আগামী বুধবার নিজেদের মাঠ প্যারিসের পার্ক দে প্রিন্সেসে ফিরতি লেগে হার এড়ালেই পাঁচ বছর পর চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠে যাবে পিএসজি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!