- এই মুহূর্তে বি। দে । শ
- মার্চ ১, ২০২৪
রবিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচন, প্রার্থী দিচ্ছে ইমরানের পিটিআইও
আগামী রবিবার ৩ মার্চ পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন। শনিবার দুপুর ২টো পর্যন্ত মনোনয়ন জমা দিতে পারবেন প্রধানমন্ত্রী পদপ্রার্থীরা। ওই দিনই মনোনয়নপত্র পরীক্ষা করা হবে। এমনই নির্দেশিকা জারি করেছে পাকিস্তানের জাতীয় পরিষদ সচিবালয়।
পাকিস্তান মুসলিম লিগ (পিএমএল–এন) প্রধানমন্ত্রী পদের জন্য শাহবাজ শরিফকে মনোনীত করেছে। অন্যদিকে, ইমরান খানের তেহরিক–ই–ইনসাফ (পিটিআই) মনোনীত করেছে ওমর আয়ুব খানকে। শাহবাজ শরিফ এগিয়ে থাকলেও জোড় লড়াই হবে। পাকিস্তানের জাতীয় পরিষদে মোট ৩৩৬টি আসন। এরমধ্যে সরাসরি নির্বাচন হয়েছে ২৬৬টি আসনে। ৭০টি আসনে প্রাপ্ত ভোটের ভিত্তিতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের মনোনীত করা হবে। এর মধ্যে ৬০টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত।
বৃহস্পতিবার পাকিস্তানের জাতীয় পরিষদের প্রথম অধিবেশন বসেছিল। অন্যান্য সদস্যদের সঙ্গে শপথ নেন পাকিস্তান মুসলিম লিগ–নওয়াজ (পিএমএল–এন), পাকিস্তান পিপিলস পার্টি (পিপিপি), তেহরিক–ই–ইনসাফ পার্টি (পিটিআই), জামিয়ত উলেমা–ই–ইসলাম–ফজল পার্টি (জেইউআই–এফ) ও অন্যান্য রাজনৈতিক দলের নির্বাচিত সদস্যরা। শপথ বাক্য পাঠ করান স্পিকার রাজা পারভেজ আশরাফ।
শপথ গ্রহন অনুষ্ঠান অবশ্য নির্বিঘ্নে সম্পন্ন হয়নি। অধিবেশনে জাতীয় সঙ্গীত শেষ হওয়ার পরপরই পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ (পিটিআই) পার্টির সদস্যরা জাতীয় নির্বাচনে কারচুপির অভিযোগে স্লোগান দিতে শুরু করেন। স্পিকারের অনুরোধে তাঁরা শেষ পর্যন্ত প্রতিবাদ থেকে সরে এসে শপথ গ্রহণ করেন।
শপথ নেওয়ার পর সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের (এসআইসি) সদস্যরা স্পিকারের কাছে ‘পয়েন্ট অফ অর্ডারে’ কথা বলার অনুমতি চান। স্পিকার অনুরোধ প্রত্যাখ্যান করে বলে, সদস্য হিসেবে নথভূক্ত হওয়ার পর তাঁরা ‘পয়েন্ট অফ অর্ডার’ তুলতে পারবেন। নথিভূক্ত হওয়ার পর এসআইসি–র সদস্যরা ‘কয়েদি নম্বর ৮০৪’ বলে স্লোগান দিতে থাকেন। আদিয়ালা জেলে কারাবন্দী ইমরান খানকে এই নম্বর দেওয়া হয়েছে। এরপর পিএমএল–এন সদস্যরা ‘ঘড়ি চোর’ বলে পাল্টা স্লোগান দেন।
❤ Support Us







