- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- জানুয়ারি ২৫, ২০২৫
মুলতানে একদিনে পড়ল ২০ উইকেট! স্পিনারদের দাপটে ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান দ্বিতীয় টেস্ট জমজমাট
একদিনে পড়ল ২০ উইকেট! তার মধ্যে স্পিনাররাই তুলে নিলেন ১৬টি। মুলতানের ২২ গজ যেন স্পিনারদের স্বর্গোদ্যান। আর এই স্বর্গোদ্যানে দাপট দেখালেন পাকিস্তানের নোমান আলি এবং ওয়েস্ট ইন্ডিজের গুডাকেস মোতি ও জোমেল ওয়ারিকান। নোমান আলির দাপটে ওয়েস্ট ইন্ডিজ গুটিয়ে গেল ১৬৩ রানে। জবাবে পাকিস্তান শেষ ১৫৪ রানে।
মুলতান ক্রিকেট গ্রাউন্ডের স্পিনিং উইকেটে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ওভারেই ধাক্কা খায় ক্যারিবিয়ানরা। মিকাইল লুইসকে (৪) তুলে নেন কাশিফ আলি। পরের ওভারে আমির জাঙ্গুকে (০) ফেরান সাজিদ খান। ৯ রানের মধ্যে ২ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর দলকে টানার চেষ্টা করেন অধিনায়ক ক্রেগ ব্রেথওয়েট ও কাভেম হজ। ব্রেথওয়েটকে (৯) তুলে নিয়ে জুটি ভাঙেন নোমান আলি। এরপর তাসের ঘরের মতো ভেঙে পড়ে ক্যারিবিয়ান ব্যাটিং লাইন। একসময় ৫৮ রানে ৯ উইকেট হারায়।
মনে হচ্ছিল ১০০ রানের গণ্ডি হয়তো পার করতে পারবে না ওয়েস্ট ইন্ডিজ। শেষ দিকে গুডাকেশ মোতি, কেমার রোচ ও ওয়ারিকানের লড়াই ওয়েস্ট ইন্ডিজকে ১৬৩ রানে পৌঁছে দেয়। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ রান করেন গুডাকেশ মোতি। তিনি করেন ৫৫, রোজ ২৫। ৪০ বলে ৩৬ রান করে অপরাজিত থাকেন ওয়ারিকান। পাকিস্তানের হয়ে নোমান আলি ৪১ রানে ৬ উইকেট তুলে নেন। সাজিদ খান নেন ২ উইকেট। আবরার আহমেদ ও কাশিফ আলি নেন ১টি করে উইকেট।
ব্যাট করতে নেমে পাকিস্তানও বিপর্যয়ের মুখে পড়ে। ৫৪ রান ওঠার ফাঁকেই সাজঘরে ফিরে যান মহম্মদ হুরাইরা (৯) বাবর আজম ১ শাহান মাসুদ ১৫ ও কামরান গুলাম (১৬)। এরপর কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন সৌদ শাকিল ও মহম্মদ রিজওয়ান। দলীয় ১১৯ রানের মাথায় সৌদ শাকিল (৩২) আউট হতেই আবার ধস নামে পাকিস্তান ইনিংসে। শেষ পর্যন্ত ১৫৪ রানে গুটিয়ে যায় পাকিস্তানের প্রথম ইনিংস। সর্বোচ্চ রান করেন মহম্মদ রিজওয়ান। ৭৫ বলে ৪৯ রান করে তিনি আউট হন। ২০ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন সাজিদ খান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে জোমেল ওয়ারিকান ৪৩ রানে ৪ উইকেট নেন। ৪৯ রানে ৩ উইকেট নেন গুডাকেশ মোতি। ১৫ রানে ২ উইকেট কেমার রোচ। প্রথম ইনিংসে ৯ রানে এগিয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
❤ Support Us






