- দে । শ
- আগস্ট ৭, ২০২৫
খুনের চেষ্টা, কাটোয়ায় গ্রেফতার পিকআপ ভ্যান চালক
পুরনো শত্রুতার জেরে পিকআপ ভ্যানের ধাক্কা দিয়ে ২ মোটরবাইক আরোহীকে প্রাণে মারার চেষ্টা। অভিযোগ পেয়ে পুলিশ গ্রেপ্তার করল ভ্যানের চালক অসীম মার্জিতকে। বাজেয়াপ্ত পিকআপ ভ্যান। জখম ২ বাইক আরোহী তপন দাস ও মহম্মদ শেখ কাটোয়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। অসীমকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে ৫ দিন নিজেদের হেফাজতে চেয়ে কাটোয়া মহকুমা আদালতে পেশ করেছে। আদালতে যাওয়ার পথে ধৃত অসীম মার্জিত দুর্ঘটনার কথা স্বীকার করে। দাবি করে, ‘আমি ওদের প্রাণে মারার জন্য ইচ্ছাকৃতভাবে ধাক্কা মারিনি। নেশার ঘোরে দুর্ঘটনা ঘটে থাকতে পারে।’ সিসি ক্যামেরার ফুটেজে পুলিশ পরিষ্কার দেখতে পায়, দুর্ঘটনার পর অসীম আরোহী ও মোটরবাইকটিকে কিছুটা রাস্তা ছেঁচড়ে নিয়ে যায়। তারপর বাইকটিকে রাস্তার পাশে সরিয়ে দিয়ে গাড়ি নিয়ে চলে যায়।
পুলিশ ও এলাকা সূত্রের খবর, ২৯ জুলাই রাত ১০টা নাগাদ চুরির টাকা ফেরত দেওয়াকে কেন্দ্র করে জখম তপন দাস ও মোহম্মদ সেখের সঙ্গে অসীমের বচসা হয়। তপনদের চাপে পড়ে অসীম চুরির টাকা ফেরত দিতে বাধ্য হয়। তখনই তপন ও মহম্মদকে দেখে নেওয়ার হুমকি দেয় অসীম। গত ৩০ জুলাই রাত সাড়ে বারোটা নাগাদ কাটোয়া—বর্ধমান রাজ্য সড়কের রেলপাড় এলাকায় পিকআপ ভ্যানের সঙ্গে মোটরবাইকের ধাক্কায় তপন ও মহম্মদ গুরুতর জখম হয়। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় রাস্তা থেকে উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করে পুলিশ। ঘটনার ৪ দিন বাদে তপন দাসের পরিবারের তরফে কাটোয়া থানায় অসীমের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের হয়। সিসি ক্যামেরার ফুটেজ থেকে বাইক ও পিকআপ ভ্যানের দুর্ঘটনার ছবি যাচাইের পরই অসীম মার্জিতের আচরণ সন্দেহজনক মনে হয় পুলিশের। অসীমকে কাটোয়া শহরের মিলপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। সেইসঙ্গে কাটোয়ার খাজুরডিহি গ্রামের একটি গ্যারাজ থেকে পিকআপ ভ্যানটিকে বাজেয়াপ্ত করে।
❤ Support Us





