- এই মুহূর্তে বি। দে । শ
- মার্চ ১২, ২০২৫
মরিশাসের সর্বোচ্চ সম্মানে ভূষিত প্রধানমন্ত্রী মোদি, ভারত-মরিশাস কৌশলগত অংশীদারিত্ব শক্তিশালী করার প্রতিশ্রুতি
মরিশাসের সর্বোচ্চ সম্মাননায় ভূষিত প্রধানমন্ত্রী মোদী। ভারত-মরিশাস কৌশলগত অংশীদারিত্ব শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন দুই দেশের প্রধানমন্ত্রী। মরিশাসের প্রধানমন্ত্রী রামগুলাম বলেছেন, মোদী ও আমি যৌথভাবে কাজ করতে একমত হয়েছি, এই পদক্ষেপের আমাদের সম্পর্ক উন্নত হবে।
যুদ্ধের ময়দানে অস্ত্র নয়, কৌশলই সত্যিকারের শক্তি। সঠিক কৌশলগত অবস্থান শত্রুকে মুহূর্তেই শত কদম পিছিয়ে দিতে পারে। ভারত-মরিশাস সম্পর্ক এই কৌশলেরই এক উজ্জ্বল দৃষ্টান্ত। ভারত মহাসাগরে ক্রমবর্ধমান ভূ-কৌশলগত প্রতিদ্বন্দ্বিতার মাঝে, চিনের প্রভাব মোকাবিলা করে মরিশাসের ‘হৃদয়’ জয় করলেন নরেন্দ্র মোদী। মরিশাসের সর্বোচ্চ অসামরিক সম্মান ‘দ্য গ্র্যান্ড কমান্ডার অফ দ্য অর্ডার অফ দ্য স্টার অ্যান্ড কি অফ দ্য ইন্ডিয়ান ওশান’-এ প্রথম কোনো ভারতীয় হিসাবে ভূষিত হয়েছেন মোদি। সে দেশের প্রধানমন্ত্রী নবীনচন্দ্র রামগুলামের উষ্ণ অভ্যর্থনা বিশ্বকে এই বার্তাই দিল-ভারত কেবল কৌশলগত মিত্রই নয়, এই অঞ্চলের স্থিতিশীলতা ও নিরাপত্তার অন্যতম প্রধান স্তম্ভ। মরিশাসে বন্দর তৈরি করেছে ভারত, যেখানে রয়েছে ভারতের নৌসেনার জাহাজ।
মরিশাসের প্রধানমন্ত্রী নাভিনচন্দ্র রামগুলাম বুধবার ঘোষণা করেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তিনি পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ভারত-মরিশাস সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যেতে সম্মত হয়েছেন। যৌথ সংবাদ সম্মেলনে রামগুলাম বলেন, ‘এই সফরের সময়, প্রধানমন্ত্রী মোদী এবং আমি আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার বিষয়ে গঠনমূলক আলোচনা করেছি। এই দৃষ্টিভঙ্গির ভিত্তিতে, আমি আনন্দের সাথে ঘোষণা করছি নরেন্দ্র মোদী এবং আমি একমত হয়েছি যে আমাদের সম্পর্ক আরো শক্তিশালী করতে যৌথ ভিশন ডকুমেন্ট গ্রহণ করব।’ রামগুলাম আরো বলেন, দুই দেশের সম্পর্ক কেবল ঐতিহাসিক নয়, বরং আধুনিক প্রযুক্তি ও অর্থনীতির উপর ভিত্তি করে তা আরো বিস্তৃত হচ্ছে। তিনি উল্লেখ করেন যে, ‘আমাদের যৌথ লক্ষ্য হল বিদ্যমান ও নতুন খাতগুলিতে সহযোগিতা বৃদ্ধি করা, যেমন মহাকাশ গবেষণা, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল স্বাস্থ্য, সমুদ্র অর্থনীতি, ফার্মাসিউটিক্যালস, তথ্যপ্রযুক্তি, ফিনটেক ও সাইবার সুরক্ষা।’
এছাড়াও, তিনি প্রধানমন্ত্রী মোদীর উপস্থিতিকে মরিশাসের জন্য সম্মানের বিষয় বলে উল্লেখ করেন। মোদী মরিশাসের ৫৭তম স্বাধীনতা দিবসের উদযাপনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যা দুই দেশের মধ্যে গভীর বন্ধুত্বের উদাহরণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মরিশাসের সর্বোচ্চ অসামরিক সম্মান ‘দ্য গ্র্যান্ড কমান্ডার অফ দ্য অর্ডার অফ দ্য স্টার অ্যান্ড কি অফ দ্য ইন্ডিয়ান ওশান’ এ ভূষিত হয়েছেন। মঙ্গলবার, মরিশাস সফরের প্রথম দিনেই প্রধানমন্ত্রী নবীনচন্দ্র রামগুলাম তাঁকে এই সম্মাননা প্রদান করেন। অনুষ্ঠান মঞ্চে রামগুলাম বলেন, ‘এটি আপনার প্রাপ্য। স্বাধীনতার পর মাত্র পাঁচজন বিদেশি এই সম্মান পেয়েছেন, তাঁদের মধ্যে ছিলেন ‘আফ্রিকার গান্ধী’ নেলসন ম্যান্ডেলা।’ সৌজন্য বজায় রেখে মোদীও মরিশাসের প্রধানমন্ত্রী ও তাঁর স্ত্রীকে ‘ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া’ কার্ড দিয়ে সম্মানিত করেন। এর আগে, গায়ানা, কুয়েত ও ডোমিনিকান রিপাবলিকের মতো দেশের সর্বোচ্চ সম্মাননাও পেয়েছেন তিনি। বুধবার মরিশাসের জাতীয় দিবসে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন মোদী। তাঁর সফরের লক্ষ্য ভারত মহাসাগরীয় অঞ্চলে বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক জোরদার করা। পোর্ট লুইস বিমানবন্দরে মরিশাসের প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা তাঁকে স্বাগত জানান। পরে, প্রেসিডেন্ট ধরমবীর গোখুলের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। রাষ্ট্রনেতাদের জন্য তিনি উপহার হিসেবে নিয়ে যান জরির কাজ করা বেনারসি শাড়ি, গুজরাতি সাদেলি বাক্স, বিহারের মাখানা ও প্রয়াগ সঙ্গমের মহাকুম্ভের পবিত্র জল।
ভারত-মরিশাস বন্ধুত্বের নতুন অধ্যায়ের সূচনা সম্পর্কে প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘ ভারত মরিশাসে একটি নতুন সংসদ ভবন নির্মাণে সহযোগিতা করবে, যা গণতন্ত্রের আদর্শ হিসেবে ভারতের তরফ থেকে মরিশাসের জন্য এক উপহার হবে। আজ, প্রধানমন্ত্রী নাভিনচন্দ্র রামগুলাম ও আমি একমত হয়েছি যে ভারত-মরিশাস অংশীদারিত্বকে ‘এনহান্সড স্ট্র্যাটেজিক পার্টনারশিপ’-এর মর্যাদা দেওয়া হবে। ভারত মরিশাসে নতুন সংসদ ভবন তৈরিতে সহযোগিতা করবে। এটি গণতন্ত্রের মাতৃভূমি ভারতের পক্ষ থেকে মরিশাসের জন্য একটি উপহার।’তিনি মরিশাসের জনগণকে তাদের জাতীয় দিবস উপলক্ষে অভিনন্দন জানিয়ে বলেন, ‘১৪০ কোটি ভারতীয়দের পক্ষ থেকে আমি মরিশাসের জনগণকে জাতীয় দিবসের শুভেচ্ছা জানাই। এটি আমার সৌভাগ্য যে আমি আবারো এই বিশেষ দিনে এখানে উপস্থিত থাকতে পারছি। ভারত ও মরিশাস কেবল ভারত মহাসাগরের দ্বারা সংযুক্ত নয়, আমাদের সংস্কৃতি ও মূল্যবোধও একসূত্রে গাঁথা। আমরা একে অপরের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির অংশীদার।’
প্রধানমন্ত্রী মোদী আরো বলেন, মরিশাস ভারতের একটি গুরুত্বপূর্ণ অংশীদার, তাই ২০১৫ সালে এখানে
‘সাগর-সিকিউরিটি অ্যান্ড গ্রোথ ফর অল ইন দ্য রিজিওন’ পরিকল্পনার ভিত্তি স্থাপন করা হয়েছিল। বুধবার তিনি সেই কৌশলকে আরও বিস্তৃত করে ‘মহাসাগর- মিউচুয়াল অ্যান্ড হোলিওস্টিক অ্যাডভান্সমেন্ট ফর সিকিউরিটি অ্যান্ড গ্রোথ অ্যাক্রোশ রিজিওন’ নামে নতুন দৃষ্টিভঙ্গির ঘোষণা করেন। তিনি বলেন, ‘হোক গ্লোবাল সাউথ, ভারত মহাসাগর বা আফ্রিকা মহাদেশ–মরিশাস আমাদের গুরুত্বপূর্ণ অংশীদার। দশ বছর আগে এখানে ‘সাগর’ নীতির ভিত্তি স্থাপন করা হয়েছিল, যা পুরো অঞ্চলের স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য ছিল। আজ আমরা এটি আরও প্রসারিত করে ‘মহাসাগর’ নীতির ঘোষণা করছি।’ মরিশাস ও ভারতের সম্পর্ক কেবলমাত্র দ্বিপাক্ষিক কূটনীতির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি ঐতিহাসিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিকভাবে বহু শতাব্দী ধরে প্রোথিত। মরিশাসে ভারতীয় বংশোদ্ভূত মানুষের সংখ্যা প্রায় ৭০%। এটি দুই দেশের মধ্যে একটি সাংস্কৃতিক সেতুবন্ধন তৈরি করেছে। ভারত মরিশাসের অন্যতম প্রধান বাণিজ্যিক অংশীদার এবং বিনিয়োগের অন্যতম প্রধান উৎস। এছাড়াও সে দেশের সমুদ্র নিরাপত্তা, সাইবার নিরাপত্তা ও প্রতিরক্ষা শক্তিশালী করতে ভারত দীর্ঘদিন ধরে সহায়তা করে আসছে। এই যৌথ ভিশন ডকুমেন্ট দুই দেশের বন্ধুত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করবে বলে আশা করা হচ্ছে।
❤ Support Us








