- মা | ঠে-ম | য় | দা | নে
- জানুয়ারি ২২, ২০২৬
ভারতের প্রথম মহিলা খোলোয়াড় হিসেবে ৫০০ ম্যাচ জয়, ইতিহাস গড়লেন পিভি সিন্ধু
ইতিহাস গড়লেন পিভি সিন্ধু। ভারতের প্রথম মহিলা ব্যাডমিন্টন খোলোয়াড় হিসেবে ৫০০ ম্যাচ জেতার কৃতিত্ব অর্জন করলেন। বিশ্বের ষষ্ঠ মহিলা সিঙ্গলস খেলোয়াড় হিসেবে তিনি এই কৃতিত্ব অর্জন করলেন। বৃহস্পতিবার ইন্দোনেশিয়া মাস্টার্স সুপার ৫০০ টুর্নামেন্টের প্রি–কোয়ার্টার ফাইনালে ডেনমার্কের লাইন হোজমার্ক কেজারফেল্ডকে হারানোর সঙ্গে সঙ্গে তিনি এই মাইলস্টোনে পৌঁছন।
প্রথম রাউন্ডে অবাছাই জাপানের মানামি সুইজুর সঙ্গে যথেষ্ট লড়াই করে জেতেন পিভি সিন্ধু। প্রি–কোয়ার্টার ফাইনালেও লাইন হোজমার্কের বিরুদ্ধে যথেষ্ট লড়াই করে জিততে হয় ভারতীয় এই মহিলা শাটলারকে। ৪৩ মিনিটের লড়াইয়ে শেষপর্যন্ত ২১–১৯, ২১–১৮ গেমে ডেনিশ শাটলারকে পরাজিত করেন সিন্ধু। এ পর্যন্ত ৬টি লড়াইয়ে লাইন হোজমার্কের বিরুদ্ধে এটা সিন্ধুর পঞ্চম জয়।
মালয়েশিয়া ওপেন সুপার ১০০০–এর সেমিফাইনালে ওঠার পর ২০২৬ সালে তিনটি টুর্নামেন্টের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন পিভি সিন্ধু। গত সপ্তাহে ইন্ডিয়া ওপেনের প্রথম রাউন্ড থেকে বিদায় নেওয়ার পর ইন্দোনেশিয়ায় দারুণভাবে শুরু করেছেন সিন্ধু। বিশ্বের ১৩ নম্বরে থাকা সিন্ধু পরের রাউন্ডে শীর্ষ বাছাই এবং বিশ্বের ৪ নম্বরে থাকা চীনের চেন ইউ ফেইয়ের বিরুদ্ধে খেলবেন। সিন্ধু এবং ফেই এখন পর্যন্ত ১৩ বার একে অপরের মুখোমুখি হয়েছেন। সামগ্রিক রেকর্ডে সিন্ধু ৭–৬ ব্যবধানে এগিয়ে আছেন। ফেইয়ের বিরুদ্ধে সিন্ধু শেষবার জিতেছিলেন ২০১৯ সালে।
সিন্ধুর পাশাপাশি কোয়ার্টার ফাইনালে উঠেছেন লক্ষ্য সেনও। পুরুষদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে সপ্তম বাছাই লক্ষ্য ৩৩ মিনিটে বিশ্বের ৪২ নম্বর খেলোয়াড় হংকংয়ের জেসন গুনাওয়ানকে ২১–১০, ২১–১১ গেমে হারিয়েছেন। গত সপ্তাহে ইন্ডিয়া ওপেনে লক্ষ্য ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। একমাত্র ভারতীয় শাটলার হিসেবে ইন্ডিয়ান ওপেনের শেষ আটে পৌঁছেছিলেন। কোয়ার্টার ফাইনালে লক্ষ্য বিশ্বের ৪৪ নম্বর প্যানিচাফোন তিররাতসাকুলের মুখোমুখি হবেন।
❤ Support Us








