Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • জানুয়ারি ২৪, ২০২৫

চূড়ান্ত ব্যাটিং ব্যর্থতা বাংলার, কল্যানীতে চালকের আসনে হরিয়ানা

আরম্ভ ওয়েব ডেস্ক
চূড়ান্ত ব্যাটিং ব্যর্থতা বাংলার, কল্যানীতে চালকের আসনে হরিয়ানা

ঘরের মাঠেও ব্যাটিং বিপর্যয়!‌ হরিয়ানাকে কম রানে গুটিয়ে দেওয়ার সুযোগ কাজে লাগাতে পারল না বাংলা। হরিয়ানার ১৫৭ রানের জবাবে বাংলার প্রথম ইনিংস শেষ ১২৫ রানে। চূড়ান্ত ব্যর্থ ব্যাটাররা। আর সেই সুযোগেই চালকের আসনে বসে গেল হরিয়ানা। দ্বিতীয় দিনের শেষে ২ উইকেট হারিয়ে ১৫৮ রান তুলেছে। দুই ইনিংসে ইতিমধ্যেই ১৯০ রানে এগিয়ে গেছে হরিয়ানা।
সুরজ সিন্ধু জয়ওয়ালের দুরন্ত বোলিংয়ের ওপর ভর করে হরিয়ানাকে মাত্র ১৫৭ রানে গুটিয়ে দিয়েছিল বাংলা। জবাবে প্রথম দিনের শেষে ঋত্বিক চ্যাটার্জির (‌১)‌ উইকেট হারিয়ে ৬ রান তুলেছিল। ক্রিজে ছিলেন অভিষককারী অঙ্কিত চ্যাটার্জি ও নৈশপ্রহরী হিসেবে মাঠে নামা রোহিত কুমার। এদিন দিনের প্রথম ওভারের চতুর্থ বলে আউট হন রোহিত (‌০)‌। কোনও রান না করেই সুমিত কুমারের বলে এলবিডব্লু হন। এরপর দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন অঙ্কিত চ্যাটার্জি ও সুদীপ ঘরামি। ৫৯ বলে তৃতীয় উইকেট হারায় বাংলা। ক্রিজে জমে গিয়েও অনুজ ঠাকরালের বলে এলবিডব্লু হন অঙ্কিত। ৭৭ বলে ২৯ রানের ধৈর্যশীল ইনিংস খেলেন তিনি। অধিনায়ক অনুষ্টুপ মজুমদার (‌২)‌ রান পাননি।
অনুষ্টুপ আউট হওয়ার পরের ওভারেই ফিরে যান সুদীপ ঘরামি। ৫২ বলে ২০ রান করে তিনি অনুজ ঠাকরালের বলে আউট হন। ক্রিজে নেমেই হরিয়ানা বোলারদের আক্রমণ শুরু করেছিলেন অভিষেক পোড়েল। কিন্তু তাঁর ঝড় বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১৭ বলে ৩১ রান করে তিনি অনুজ ঠাকরালের বলে নিশান্ত সিন্ধুর হাতে ক্যাচ দিয়ে আউট হন। মধ্যাহ্নভোজের বিরতির আগেও ১০০ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলা। শেষ পর্যন্ত ১২৫ রানে গুটিয়ে যায়। ঋদ্ধিমান সাহা (‌৮)‌, প্রদীপ্ত প্রামাণিকরা (‌৩) রান পাননি। সুরজ সিন্ধু জয়সওয়াল করেন ১৩। হরিয়ানার হয়ে অনুজ ঠাকরাল দুরন্ত বোলিং করে ৩৪ রানে ৬ উইকেট তুলে নেন।
৩২ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে খুব একটা খারাপ শুরু হয়নি হরিয়ানার। ওপেনিং জুটিতে ওঠে ৪০। ৩৭ বলে ৩২ রান করে প্রথম আউট হন অঙ্কিত কুমার। হরিয়ানাকে প্রথম ধাক্কা দেন সুরজ সিন্ধু জয়সওয়াল। ১০৬ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় হরিয়ানা। লক্ষ্য সুমন দালালকে তুলে নেন মুকেশ কুমার। ১০৫ বলে ৩৮ রান করেন লক্ষ্য। দ্বিতীয় ইনিংসে আর ব্যাটিং বিপর্যয়ে পড়তে হয়নি হরিয়ানাকে। দ্বিতীয় দিনের শেষে ২ উইকেট হারিয়ে তুলেছে ১৫৮। ক্রিজে রয়েছেন হিমাংশু রানা (‌৪৬)‌ ও নিশান্ত সিন্ধু (‌২৬)‌। দুই ইনিংস মিলিয়ে ইতিমধ্যেই ১৯০ রানে এগিয়ে গেছে হরিয়ানা।‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!