- দে । শ প্রচ্ছদ রচনা বৈষয়িক
- সেপ্টেম্বর ৩০, ২০২২
ফের রেপো রেট বাড়ানোর ঘোষণা আরবিআই এর, ব্যয়বহুল হতে চলেছে ইএমআই
রিজার্ভ ব্যাঙ্কের এই সিদ্ধান্তে বাড়ি, গাড়ি কেনার ঋণে সুদের হার বাড়তে চলেছে । চালু ঋণে থাকলে তাতে মাসিক কিস্তি বা ঋণ পরিশোধের মেয়াদ বাড়বে । শিক্ষা ঋণ, ব্যক্তিগত ঋণ তথা পারসোনাল লোনেও সুদের হার বাড়তে চলেছে ।
উৎসবের মরশুমে ব্যয়বহুল হতে চলেছে ইএমআই । ৩৪ দিনে, ফের রিজার্ভ রেপো রেট বৃদ্ধি করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া । বুধবার রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের রেপো রেট আরও ৫০ বেসিস পয়েন্ট বাড়ানো হচ্ছে ।
বুধবার মনিটারি পলিসি কমিটির বৈঠকে মিলিতভাবে রেপো রেট বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয় । রিজার্ভ ব্যাঙ্ক এদিন জানিয়েছে, মুদ্রাস্ফীতির হার ও বিশ্বজনীন অর্থনৈতিক সংকটের পরিস্থিতিতে দেশে মুদ্রাস্ফীতি বেড়েছে । এই পরিস্থিতিতে ঘরোয়া বাজার চাঙ্গা রাখতেই দেশের শীর্ষ ব্যাঙ্কের এই সিদ্ধান্ত । এই নিয়ে টানা চার বার রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক । ২০২২ এর মে মাসে ৪০ বেসিস পয়েন্ট রেপো রেট বাড়িয়েছিল আরবিআই । এরপর জুন ও অগস্ট মাসে ৫০ বেসিস পয়েন্ট করে রেপো রেট বৃদ্ধি পায় ।
রিজার্ভ ব্যাঙ্কের এই সিদ্ধান্তে বাড়ি, গাড়ি কেনার ঋণে সুদের হার বাড়তে চলেছে । চালু ঋণে থাকলে তাতে মাসিক কিস্তি বা ঋণ পরিশোধের মেয়াদ বাড়বে । শিক্ষা ঋণ, ব্যক্তিগত ঋণ তথা পারসোনাল লোনেও সুদের হার বাড়তে চলেছে ।
রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস এদিন বলেন, রেপো রেট বাড়ানো ছাড়া উপায়ন্তর ছিল না । গত মাসে দেখা গিয়েছে, মুদ্রাস্ফীতির হার পৌঁছে গিয়েছে ৭ শতাংশে । প্রাথমিক ভাবে মনে করা হয়েছিল এ বছর দ্বিতীয়ার্ধে মুদ্রাস্ফীতির হার ৬ শতাংশে পৌঁছবে । কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, মুদ্রাস্ফীতির চাপ আরও দীর্ঘমেয়াদি হবে ।
রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর এদিন আরও বলেন, অতিমারির প্রকোপ কমতে না কমতেই, রুশ-ইউক্রেন যুদ্ধ বিশ্ব অর্থনীতির সংকট বাড়িয়েছে । অস্থিরতা বেড়েছে বাজারে । এই অবস্থায় বিশ্বের বেশীরভাগ দেশের সেন্ট্রাল ব্যাঙ্ক কঠোর পদক্ষেপ করতে শুরু করেছে । ভারতও তার ব্যতিক্রম নয় ।
❤ Support Us








